ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ৭১ এ মুক্তিযুদ্ধের সময় কণ্ঠে সব আবেগ ঢেলে বিশ্ববাসীকে বাঙালির সংগ্রাম আর নিপীড়নের কাহিনী শুনিয়েছিলেন জর্জ হ্যারিসন। এই মহান শিল্পী আজ বেঁচে না থাকলেও আরেক দুর্যোগে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে তারই অর্থে গড়া 'দ্যা জর্জ হ্যারিসন ফান্ড ফর ইউনিসেফ।' ঘূর্ণিঝড় দুর্গতদের জন্য সাড়ে চার লাখ ডলার সাহায্য দেওয়ার কথা জানিয়েছে এই ফান্ড।
অর্থের অর্ধেক চলমান ত্রাণ কাজে এবং বাকিটা দীর্ঘমেয়াদি পুনর্বাসনে ব্যয় হবে। ইউনিসেফ বাংলাদেশে ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের জন্য তাৎক্ষণিকভাবে যে তিন কোটি ডলার তহবিল যোগাড়ের কথা বলেছে তাতে যোগ হচ্ছে এই অর্থ।
১৯৭১ এর আগস্টে জর্জ হ্যারিসন নিউইয়র্কে পণ্ডিত রবি শংকর, বব ডিলন, এরিক ক্লাপটন, রিংগো স্টার, রাসেল ও বিলি প্রেসটনের সঙ্গে গান গেয়ে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ববিবেক জাগিয়ে তোলার চেষ্টা করেন।
হ্যারিসনের স্ত্রী অলিভিয়া হ্যারিসন ২০০৫ সালে ১০ লাখ ডলার প্রাথমিক তহবিল দিয়ে প্রয়াত স্বামীর নামে চালু করেন 'জর্জ হ্যারিসন ফান্ড'। এর মূল লক্ষ্য বাংলাদেশে ইউনিসেফের কার্যক্রমে আর্থিক সহায়তা করা হলেও বিভিন্ন দেশে গৃহযুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ও দারিদ্র্যতার শিকার শিশুদের জন্যও সাহায্য জোগানো হয় এ থেকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএইচবি/০০৩৬ ঘ.
bdnews24