ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিদুর্গত এলাকায় আগামী চার মাসের ঋণের কিস্তি একেবারে মওকুফ করে দেওয়ার জন্য ব্যাংক ও এনজিওগুলোকে আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ।
মঙ্গলবার সকালে সেনা সদর দপ্তরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ঘূর্ণিদুর্গতদের জন্য নগদ অর্থ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, "ঘূর্ণিদুর্গত এলাকার অসহায় মানুষদের কথা বিবেচনা করে কমপক্ষে আগামী বছরের এপ্রিল পর্যন্ত ব্যাংক ও এনজিওগুলোর উচিত তাদের ঋণের কিস্তি মওকুফ করে দেওয়া।"
মইন উ আহমেদ বলেন, "এনজিওদের কাজ হচ্ছে দরিদ্র মানুষদের সাহায্য করা; ঋণের কিস্তির জন্য তাড়া করে বেড়ানো নয়। পত্রপত্রিকায় দেখা যাচ্ছে- ঋণের কিস্তির জন্য বিভিন্ন এনজিওর কর্মকর্তারা তাগাদা দিচ্ছেন। এটি মোটেই কাম্য নয়।"
এ ব্যাপারে ঘূর্ণিদুর্গতদের প্রতি সদয় হওয়ার জন্য তিনি এনজিও ও ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তাদের অনুরোধ জানান।
সেনা বাহিনীর তহবিলে অর্থ জমা হওয়ার তথ্য জানিয়ে জেনারেল মইন বলেন, "এ পর্যন্ত সেনা বাহিনীর ত্রাণ তহবিলে ১১ কোটি টাকার মতো জমা পড়েছে। মঙ্গলবার ১১টি প্রতিষ্ঠান অনুদান দিয়েছেন। ত্রাণ তহবিলের অর্থ ঘূর্ণিদুর্গত এলাকার স্কুল, কলেজ ও রাস্তা-ঘাট নির্মাণ ও গরিব মানুষদের পেছনে খরচ করা হবে।" এছাড়া সমবায়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জেলেদের জাল ও নৌকা কেনার জন্য সহায়তা করা হবে বলে জানান সেনাপ্রধান।
ঋণের কিস্তি মওকুফ প্রসঙ্গে সেনা প্রধান বলেন, "আমি চাই এনজিওগুলো আগামী চার মাসের ঋণের কিস্তি একেবারে মওকুফ করে দিক। তা যদি না হয় তাহলে এই চার মাস পর্যন্ত তারা কোনো কিস্তি আদায় করতে অসহায় মানুষকে তাড়া না করে। ব্যাংক ও এনজিওগুলো এই কিস্তির টাকা যেন পরবর্তীতে সমন্বয়ের মাধ্যমে আদায় করে নেয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/জিএনএ/১৪৪৫ ঘ.
bdnews24