২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিজয় টিভি' মামলায় মেয়র মহিউদ্দিনকে আদালতে হাজির

'বিজয় টিভি' সংক্রান্ত দুর্নীতির মামলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 07:53 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'বিজয় টিভি' সংক্রান্ত দুর্নীতির মামলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে মহিউদ্দিন চৌধুরীকে হাজির করা হলে বিচারক এস এম সোলায়মান ৯ ডিসেম্বর এ মামলার অপর পলাতক আসামি সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোক্তার আলমকে আদালতে হাজির হওয়ার জন্য 'গেজেট নোটিফিকেশন' জারি করেন। যৌথবাহিনীর হাতে গ্রেপ্তারের পর গত মার্চ মাসের শেষ সপ্তাহে মেয়র মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রাম থেকে ঢাকা কারাগারে স্থানান্তর করা হয়। দীর্ঘ সাত মাস পর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করার সংবাদে সকাল থেকে আদালত চত্বরে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও আইনজীবীরা ভিড় জমান। র‌্যাব ও পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা পুরো আদালত চত্বরে কড়া নিরাপত্তার জাল বিস্তার করে। বিভাগীয় বিশেষ জজ আদালতের আশেপাশে পরিচয়পত্র ছাড়া কাউকে যেতে দেয়া হয়নি। আদালতে প্রবেশ ও বের হওয়ার সময় মহিউদ্দিন চৌধুরীকে হাসিখুশিই দেখা যায়। তিনি প্রিজন ভ্যান থেকে নামার পর তার চার মেয়ে ও নাতি সাদমানকে জড়িয়ে ধরেন। ওই তিনি উপস্থিত নেতাকর্মী ও আইনজীবীদের শুভেচ্ছা জানান। রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে পলাতক মোক্তার আলমকে দুই বার আদালত হাজির হওয়ার নির্দেশ দিলেও তিনি হাজির হননি। এ কারণে তাকে হাজির হওয়ার জন্য সর্বশেষ নির্দেশ নির্দেশ দেয় আদালত। প্রধান প্রকৌশলী ৯ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির না হলে তার অনুপস্থিতিতে মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হবে। জহিরুল হক জানান, সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরীর আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তার অসুস্থতার বিষয়টি বিবেচনা করে ৯ ডিসেম্বর তাকে আদালতে হাজির না করালেও চলবে বলে বিচারক নির্দেশ দিয়েছেন। তবে অভিযোগ গঠনের শুনানির দিন তাকে আদালতে উপস্থিত করানোর নির্দেশ দেয়া হয়। মঙ্গলবার সকালে এ মামলার গ্রেপ্তারকৃত অপর আসামি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন চৌধুরীও আদালতে উপস্থিত ছিলেন। দুর্নীতি দমন কমিশন (দুদক), চট্টগ্রামের উপ-পরিচালক আবু মোহাম্মদ আরেফ সিদ্দিকী বাদি হয়ে গত ২৭ মে কোতোয়ালি থানায় এ তিন জনের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের তহবিল থেকে পরস্পরের যোগসাজশে ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। গত ২২ নভেম্বর মুখ্য মহানগর বিচার বিভাগীয় হাকিমের আদালতে তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ মামলার অভিযোগপত্র দাখিল করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৩৩৪ ঘ.