বরগুনা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরগুনায় ত্রাণের দাবিতে বিক্ষোভ করার সময় গ্রেপ্তার ১২ জন মঙ্গলবার জামিনে ছাড়া পেয়েছেন।
সকালে ওই ১২ জনকে বরগুনার মুখ্য বিচার বিভাগীয় হাকিম এ টি এম আলী আজমের আদালতে হাজির করা হয়। ওই সময় তাদের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। পরে তাদের ছেড়ে দেয়া হয়।
ত্রাণের দাবিতে বিক্ষোভ করার সময় রোববার ওই ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এরা হলেন, জাকির হোসেন-১, হারুনুর রশিদ মাস্টার, আব্দুর রহমান, সুশান্ত মাঝি, তুহিন, জাকির হোসেন-২, হুমায়ুন কবির, রুবেল, মানিক রায়, আবুল কালাম আজাদ, মঞ্জুরুল হক মাস্টার ও জসিমউদ্দিন।
বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদের জিম্মায় আদালত তাদের জামিন দেয়।
অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ১৪১ ধারায় আসামি করে আসামিদের চালান দেওয়া হয়েছিল। মামলাটি সাধারণ ধারায় হওয়ায় আদালত তাদের জামিন মঞ্জুর করেছে।
তিনি বলেন, পাঁচ শতাধিক নারী-পুরুষ ওই দিন ত্রাণের দাবিতে স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসকের কাছে শান্তিপূর্ণভাবে যাওয়ার পথে পুলিশ এই ১২ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীও রয়েছেন। শিক্ষার্থীদের কয়েকজনের পরীক্ষা সামনে। এসব বিবেচনায় এনে আদালত তাদের জামিন মঞ্জুর করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ না থাকাও এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে বলে জানান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১২৫৪ ঘ.
bdnews24