চট্টগ্রাম, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের করা বিজয় টেলিভিশন মামলায় আদালতে হাজির করানোর জন্য চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে।
চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার আতাউর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে হাজির করার দিন ধার্য আছে। সেজন্য তাকে ঢাকা থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে।
যৌথ বাহিনী গত ৭ মার্চ রাতে আটক করার পর মহিউদ্দিন চৌধুরীকে প্রথমে চট্টগ্রাম এবং পরে বান্দরবান কারাগারে রাখা হয়। মার্চের শেষ সপ্তাহে গুরুতর অসুস্থ হলে তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেলে এবং পরবর্তীতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। এরপর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
চট্টগ্রাম সিটি মেয়রের বিরুদ্ধে দুদকের দুটি এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) করা একটি মামলা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএসবি/ ২১২৬ ঘ.
bdnews24