২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ খৈয়মের বিরুদ্ধে আরেকটি চাঁদাবাজির মামলা

চাঁদাবাজির অভিযোগে রাজবাড়ীর-১ আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 11:04 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

রাজবাড়ী, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে রাজবাড়ীর-১ আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার বাসিন্দা ওয়াছেউদ্দিন রোববার রাতে সদর থানায় মামলাটি করেন। মামলার অপর আসামি রাজবাড়ী পরিবহন মালিক গ্র"পের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল। তিনি বর্তমানে পলাতক। তেজগাঁও থানায় করা একটি চাঁদাবাজির মামলায় গত ১৩ নভেম্বর আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গ্রেপ্তার হন। রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক সোহরাব হোসেন সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, খৈয়ম ও জুয়েলের বিরুদ্ধে ৩৮৫/৩৮৬/৩৮৭ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ওয়াছেউদ্দিন বাড়ি নির্মাণ করার সময় ২০০৩ সালের ১৭ ফেব্র"য়ারি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও জুয়েল তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। অভিযুক্তরা তাকে পৌর চেয়ারম্যানের কক্ষে ডেকে নিয়ে চাঁদা দাবির পাশাপাশি তার কাছে থাকা নির্মাণসামগ্রী কেনার ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন। খৈয়ম ওই সময় পৌর চেয়ারম্যান ছিলেন। মামলার অভিযোগে বলা হয়, দাবি মত বাকী দেড় লাখ টাকা দিতে না পারায় অভিযুক্তরা সে সময় তাকে বাড়ির কাজ বন্ধ রাখতে বাধ্য করে। খৈয়ম ও জুয়েল ক্ষমতাসীন দলে থাকায় তিনি তখন মামলা করার সাহস পাননি। এখন পরিস্থিতি অনুকূল হওয়ায় তিনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আবেদন করেছেন। উপপরিদর্শক সোহরাব হোসেন জানান, মামলা গ্রহণ করে খৈয়মকে শোন অ্যারেস্ট দেখাতে রাজবাড়ী বিচারিক হাকিম আদালতে আবেদন করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৩ ঘ.