২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মামলার পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর

সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও শেখ ফজলুল করিম সেলিমসহ তিনজনের বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলার অভিযোগ গঠন পিছিয়ে গেছে। আগামী ৯ ডিসেম্বর শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 11:04 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও শেখ ফজলুল করিম সেলিমসহ তিনজনের বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলার অভিযোগ গঠন পিছিয়ে গেছে। আগামী ৯ ডিসেম্বর শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আদালত। কাঠগড়ায় কথা বলার সুযোগ না থাকলেও নিজের আইনজীবীদের কাছে নিজেকে নির্দোষ দাবি করে শেখ হাসিনা বলেছেন, তাকে নির্বাচন থেকে দূরে রাখতেই 'ষড়যন্ত্রমূলকভাবে' এ মামলা দেওয়া হয়েছে। স্থানান্তরিত এজলাস থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সুমন মাহমুদ ও প্রদীপ কুমার চৌধুরী।(আরও তথ্যসহ ৪) সোমবার সকালে কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যে সংসদ ভবন প্রাঙ্গনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের স্থানান্তরিত এজলাসে বসে বিচারক মো. আজিজুল হক এ আদেশ দেন। আদালত মূলতবির পর শেখ হাসিনা ও শেখ ফজলুল করিম সেলিমকে এজলাস কক্ষের ভেতরে তাদের ২০ জন কৌশুলির সঙ্গে এক ঘন্টা কথা বলার সময় দেন বিচারক। এ মামলার অতিরিক্ত অভিযোগপত্রের অনুলিপি কৌশুলিদের প্রদানের জন্যও আদেশ দেন আদালত। আদালতের এজলাস কক্ষে একঘন্টা কৌশুলিদের সঙ্গে কথা বলার পর দুপুর ১ টা ৫ মিনিটে শেখ হাসিনাকে একটি নিশান প্যাট্রোল জীপে করে ২ শ গজ দূরের বিশেষ কারাগারে ও শেখ ফজলুল করিম সেলিমকে প্রিজন ভ্যানে করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সোমবার সকাল ৯ টা ৩৪ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়। এর পাঁচ মিনিট আগে শেখ হাসিনা ও শেখ সেলিমকে পুলিশ কড়া পাহারায় এজলাসের নিয়ে আসে। তারা উভয়ে কাঠগড়ায় দাঁড়ান। আদালতের কার্যক্রম শুরু হলে প্রথমে শেখ সেলিমের আইনজীবীরা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন জানান। এছাড়া অভিযুক্ত পক্ষের কৌশুলিরা আদালতের এজলাস স্থানান্তরের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। এসব নিয়ে দীর্ঘক্ষণ যুক্তিতর্ক হয়। পরে আদালত এজলাস স্থানান্তরের বিষয়ে তার এখতিয়ার আছে বলে কৌশলিদের আবেদন নাকচ করে দেন। আদালত বলেন, ''যে কোনো স্থানে এজলাস বসানোর এখতিয়ার আদালতের রয়েছে।'' তবে আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন, তারা এর বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করবেন। আসামিপক্ষের আইনজীবী এ এফ এম আব্দুল ওয়াদুদ এজলাস থেকে বের হয়ে বিডিনিউজ টুয়েন্টিফোরকে বলেন, "এই আদালত একইসঙ্গে দুটি স্থানে বসে বিচার কাজ করতে পারেন না- এর বৈধতা চ্যালেঞ্জ করে আমরা উচ্চ আদালতে রিট করবো।" সকালে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না -এ প্রশ্নে সংসদ ভবন এলাকার বিশেষ এজলাসে শুনানি শুরু হয়। সকাল ৯টা ৩৫ মিনিটে শেখ হাসিনা এবং শেখ সেলিমের উপস্থিতিতে সংসদ ভবনে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজের বিশেষ এজলাসে মামলার শুনানি শুরু হয়। শুনানি শেষে বিচারক ১১টা ৫৫ মিনিটে এজলাস ছেড়ে যান। এর আগে আইনজীবীদের সঙ্গে কথা বলার জন্য শেখ হাসিনা ও শেখ সেলিমকে এক ঘণ্টা সময় দেন তিনি। ১১টা ৫৫ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত তারা আইনজীবীদের সঙ্গে আলোচনা করেন। কাঠগড়ায় শেখ হাসিনা ও সেলিম : ৯টা ২৭ মিনিটে শেখ হাসিনা এজলাসের কাঠগড়ায় ওঠেন। ক্রিম ও সবুজ রঙের শাড়ি পরিহিতা হাসিনা আইন -শৃঙ্খলা বাহিনীর একটি গাড়িতে (ঢাকা মেট্রো ঘ ১১-৬৭৫৫) চড়ে বিশেষ আদালতে আসেন। এজলাসের কক্ষে প্রবেশের সময় উপস্থিত পরিচিত আইনজীবীদের সঙ্গে তিনি হাসিমুখে সালাম জানিয়ে কুশল বিনিময় করেন। এজলাসে শেখ হাসিনা সারাক্ষণই ছিলেন হাস্যোজ্জ্বল। শুনানি চলার সময় তিনি কখনো চেয়ারে বসে ও কখনও দাঁড়িয়ে ছিলেন। কাঠগড়ার রেলিংয়ে হাত রেখে আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা গেছে তাঁকে। সকাল ৯টা ৩৫ মিনিটে মহানগর দায়রা জজ আজিজুল হক আসন গ্রহণ করার সময় অভিযুক্তরা দাঁড়িয়ে ছিলেন। পরে আইনজীবীদের আবেদনে তাদেরকে চেয়ারে বসতে দেওয়ার আদেশ দেন আদালত। মামলার অভিযুক্তদের কৌশুলি সৈয়দ রেজাউর রহমান শেখ সেলিমের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি প্রত্যাহারের জন্য আদালতের কাছে আবেদন জানান। এ সংক্রান্ত শেখ সেলিমের লিখিত আবেদনপত্রটি তিনি পড়ে শোনান। আবেদনে শেখ সেলিম অভিযোগ করেছেন, গ্রেপ্তারের পরে তাকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে । তাকে জবানবন্দি দিতে বাধ্য করতে নির্যাতন করা হয়েছে। এমনকি ক্রসফায়ার করে হত্যা করার হুমকিও দেওয়া হয়েছিল বলে শেখ সেলিম আবেদনে আদালতকে জানান। অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান দাবি করেন, "দফায় দফায় রিমান্ডে নিয়ে শেখ সেলিমকে লাগাতার নির্যাতন করা হয়েছে। এরপর একসময় বাধ্য হয়েই তিনি এই ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করে জবানবন্দি দেন।'' লিখিত আবেদনে সেলিম বলেছেন, '' মিথ্যা অপবাদ নিয়ে আমি জাতির কাছে হেয় হতে চাই না বলে এ মিথ্যা জবানবন্দি প্রত্যাহার করতে চাই। একই সঙ্গে আদালতের কাছে আমি আমার নিরাপত্তা ও আশ্রয় চাই যাতে আর আমার বিরুদ্ধে মিথ্যা মামলা না দেয়।'' আইনজীবী বলেন, স্বীকারোক্তি আদায়ের পর থেকে আর আদালতে আনা হয়নি বলে শেখ সেলিম ওই জবানবন্দি প্রত্যাহার করতে পারেননি। পরে রাষ্ট্রপক্ষের প্রধান কৌশুলি শরফুদ্দিন খান মুকুল বলেন, ২১ জুলাই যে জবানবন্দি দিয়েছিলেন, তা প্রত্যাহারে অ্যাডভোকেট সাহারা খাতুনও আদালতের কাছে আবেদন করেছেন। এ বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবেন। প্রসঙ্গত, গত ২১ জুন শেখ সেলিম মহানগর মূখ্য হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর গত ২৬ নভেম্বর সরকার আদালত স্থানান্তর করে এই মামলার বিচার কার্যক্রম শুরু করার জন্য যে প্রজ্ঞাপন জারি করেছেন, তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন অভিযুক্তদের আইনজীবীরা। এ প্রশ্নে ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাডভোকেট মাহবুবে আলম, ব্যারিস্টার আজমালুল হক কিউসি,অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট ইউসুফ হুমায়ুন যুক্তি প্রর্দশন করে বক্তব্য রাখেন। ব্যারিস্টার শফিক আহমেদ এজলাস স্থানান্তরের বৈধতার প্রশ্ন তুলে বলেন, ''বিচার বিভাগ পৃথকীকরণের পর এভাবে সরকার প্রজ্ঞাপন জারি করে অন্যত্র এজলাস বসাতে পারে না। এটা বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের হস্তক্ষেপের শামিল। এ বিষয়টির নিষ্পত্তির আগে মামলার কার্যক্রম চলতে পারে না।'' এক্ষেত্রে তিনি মাজদার হোসেন মামলার সুপ্রিমকোর্টের আদেশ উল্লেখ করেন। রাষ্ট্রপক্ষ এর সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, ''অতীতেও এরকম এজলাস বসেছে। বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা ও এইচ এম এরশাদের মামলার আদালতের এজলাস কেন্দ্রীয় কারাগারের কাছে হওয়ার নজির রয়েছে। আদালতের যেখানে প্রয়োজন তার এজলাস হস্তান্তর করতে পারেন। প্রতিপক্ষের আপত্তি গ্রহণযোগ্য নয়। আইনসম্মতভাবেই প্রজ্ঞাপন হয়েছে। '' প্রধান কৌশুলি অ্যাডভোকেট এ বি এম শরফুদ্দিন আহমেদ খান মুকুল এক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) সংশ্লিষ্ট ধারা বিদ্যমান থাকায় আদালত যেকোনো স্থানে এজলাস বসাতে পারেন বলে উল্লেখ করেন। এ পর্যায়ে আদালত বলেন, ফৌজদারি কার্যবিধির কয়েকটি ধারা সংশোধন হলেও আদালতের এখতিয়ার সংক্রান্ত বিধির সংশ্লিষ্ট ধারাটি সংশোধন হয়নি। তাই এজলাস অন্যত্র বসতে পারে। অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন,''আমাদের আপত্তি বিচার কার্যক্রম নিয়েও নয়। বিচার বিভাগ পৃথকীকরণের পর একটি বিশেষ মামলার জন্য আদালত অন্যত্র এজলাস বসাতে পারেন কিনা এটাই প্রশ্ন। বঙ্গবন্ধু হত্যা , জেল হত্যা ও এরশাদের মামলা- এসব হয়েছে মাজদার হোসেন মামলার নিস্পত্তির আগে।" তিনি আরও বলেন, সরকারের আদেশে আদালত দুই জায়গায় বসবে এটা বলা হয়নি। একটি বিশেষ মামলার জন্যে এখানে এজলাস বসবে বলা হয়েছে। এটা আইনসম্মত নয়। অ্যাডভোকেট মাহবুবে আলম বঙ্গবন্ধু হত্যা মামলা স্থানান্তরের পক্ষে মত ব্যক্ত করে বলেন, "ওই মামলার অভিযুক্তরা খুনি। সেক্ষেত্রে আদালতের এজলাস অন্যত্র হতে পারে। কিন্তু একটি চাঁদাবাজি মামলায় তো ফাঁসি হবে না। যুদ্ধাপরাধীর বিচার তো নয় এটি। এই একটি মামলার জন্য কেন এটা হবে ?" এ পর্যায়ে রাষ্ট্র পক্ষের প্রধান কৌশুলি মুকুল বলেন, ''শেখ হাসিনা একজন জাতীয় নেত্রী। এছাড়া তিনি বঙ্গবন্ধু কন্যা বলে নিরাপত্তার বিষয়টি চিন্তায় রেখে এজলাস এখানে বসেছে। এই আদালতের এজলাস উন্মুক্ত।'' এ সময়ে অভিযুক্ত পক্ষে কয়েকজন আইনজীবী উচ্চঃস্বরে বলেন, কারাগারে চার নেতাকে হত্যা করা হয়েছে। নিরাপত্তা তো কোথাও নেই। একই সঙ্গে মাহবুবে আলম আদালতকে বলেন, ''প্রজ্ঞাপনে কোথাও নিরাপত্তার কথাটি উল্লেখ নেই। আমরা মামলা চ্যালেঞ্জ করছি না।'' অভিযুক্ত পক্ষের আইনজীবীরা আদালতকে জানান, তারা বিষয়টি নিয়ে মক্কেলের সঙ্গে আলাপ করে উচ্চতর আদালতে যাবেন। বিচারক দুই পক্ষের শুনানি শেষে পরবর্তী দিন ধার্য করে এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। অভিযুক্তদের পক্ষে জিল্লুর রহমান, অ্যাডভোকেট আবদুল মান্নান খান, রহমত আলী, সাহারা খাতুন, খন্দকার মনিরুজ্জামান, কামরুল ইসলাম, ব্যারিস্টার ফজলে নূর তাপসসহ অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। মামলায় রাষ্ট্র পক্ষে অন্যরা হলেন, অ্যাডভোকেট সৈয়দ শামীম আহসান, বোরহান উদ্দিন, গোলাম কিবরিয়া ও সহিদুল ইসলাম সর্দার। রাষ্ট্রপক্ষ : এ বি এম শরফুদ্দিন আহমেদ খান মুকুল পরে সাংবাদিকদের বলেন, "৯ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। মামলার সম্পুরক অভিযোগপত্রের অনুলিপির জন্য অভিযুক্ত পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ অভিযোগ গঠনের শুনানি হয়নি। আদালত তাদের অনুলিপি দেওয়ার নির্দেশ দিয়েছেন।''রোববার মামলাটির আরেকটি সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে মুকুল উল্লেখ করেন। অভিযুক্ত পক্ষ : ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের বলেন,'' আমরা আদালতের বৈধতা চ্যালেঞ্জ করিনি। সরকারের জারি করা প্রজ্ঞাপনের এখতিয়ার চ্যালেঞ্জ করেছি। বিচার বিভাগ পৃথকীকরণের পর নির্বাহী বিভাগ এভাবে আদালত কোথায় বসবে- সেই নির্দেশ দিতে পারে না। সরকার যেভাবে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করছে, তাতে ন্যায় বিচার পাওয়া যাবে না।'' নিরাপত্তা ব্যবস্থা : সংসদ ভবনের মন্ত্রী হোস্টেলের ব্লক-১ এর একটি কক্ষে স্থাপিত এজলাসসহ পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ছিল। এজলাস কক্ষের প্রবেশ পথে বসানো হয় মেটাল ডিটেক্টর আর্চওয়ে। এজলাসের ভেতরে কাঠগড়ার চারপাশে ১৪ জন মহিলা পুলিশ দিয়ে বেষ্টনি তৈরি করা হয়। আদালত কক্ষে গোয়েন্দা সংস্থার লোকজন দেখা গেছে। পুরো এলাকায় গোয়েন্দা সংস্থার সদস্যরা ভিডিও ক্যামেরা নিয়ে তৎপর ছিলেন। বিশেষ এজলাসের বাইরের সড়কে একটি জলকামান যান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান ও দাঙ্গা পুলিশের সদস্যরা ছিলেন। আইনজীবী ও সাংবাদিকদের দেহ তল্লাসি করে এজলাস কক্ষে ঢোকানো হয়। চাঁদাবাজি মামলা : ১৩ জুন ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরী আটটি চেকের মাধ্যমে ২ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার পাঁচশ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করেন। মামলার অভিযোগপত্রে ২৪ জনকে সাক্ষী করা হয়েছে। তাদের মধ্যে আজম চৌধুরী ও শেখ সেলিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া মহানগর হাকিম এ বি এম আবদুল ফাত্তাহও রয়েছেন। ২১ জুন শেখ সেলিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর ২৪ জুলাই মামলার অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে শেখ সেলিমকে প্রথম, শেখ হাসিনা দ্বিতীয় এবং শেখ রেহানাকে তৃতীয় আসামি হিসেবে দেখানো হয়। এর মধ্যে শেখ রেহানার নাম এজাহারে ছিল না। শেখ সেলিম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর এ মামলায় রেহানাকে আসামী করা হয় । গত ২৮ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মো. আজিজুল হক পুরান ঢাকার জনসন রোডে তার নির্ধারিত আদালতে বসে মামলাটির শুনানি ৩ ডিসেম্বর সংসদ ভবনে স্থাপিত বিশেষ এজলাসে অনুষ্ঠানের আদেশ দেন। গত ১৮ নভেম্বর মামলাটি বিচারের জন্য অতিরিক্ত মুখ্য মহানগর আদালত থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। ২৬ নভেম্বর আইন মন্ত্রণালয় এ মামলার জন্য ঢাকার মহানগর দায়রা জজ এবং পাঁচজন বিশেষ পিপি নিয়োগ দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিসি/এএল/এমআই/এসকে/১৬৫১ঘ.