যশোর, ডিসেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শার্শা উপজেলার রুদ্রুপুর সীমান্তে রোববার ভোরে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গোলাগুলি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
৪১ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর কামরুল হাসান সাংবাদিকদের জানান, ভারতের গড়জালা ক্যাম্প থেকে বিএসএএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছুড়লে রুদ্রুপুর ক্যাম্পের বিডিআর সদস্যরা পাল্টা গুলি চালায়।
তিনি জানান, দুপক্ষের মধ্যে প্রায় ৫০ রাউন্ড গোলাগুলি হয়েছে। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
এদিকে, সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশকালে বিডিআরের হাতে ধরা পড়েছে একই পরিবারের পাঁচ ভারতীয় নাগরিক। অপরদিকে ভারতে পাচারকালে ৩৬ বাংলাদেশিকেও বিডিআর আটক করেছে একই এলাকা থেকে।
এ সময় পাচারকারী সন্দেহে জিয়ারুল, মুকুল গাজী ও ইয়ার আলী নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার সকালে ভোমরা সীমান্ত এলাকায় দুইটি পৃথক অভিযানে এদের আটক করা হয়।
আটক পাঁচ ভারতীয় নাগরিক হলেন- স্বপন কুমার দেবনাথ, তার স্ত্রী স্বপ্না দেবনাথ এবং তাদের তিন মেয়ে সুমা, সুমিতা ও সুপ্রিয়া। এদের বাড়ি ভারতের ২৪ পরগনা জেলার হাসনাবাদ থানায়।
এছাড়া আটক ৩৬ বাংলাদেশীর মধ্যে রয়েছেন কক্সবাজার, যশোর, খুলনা, বাগেরহাটসহ দেশের নানা স্থানের নারী, পুরুষ ও শিশু।
বিডিআরের অপারেশন অফিসার মেজর কামরুল হাসান জানান, ভারতে ভাল কাজের প্রলোভন দেখিয়ে গ্রেপ্তারকৃতরা এদের পাচার করছিলেন।
যশোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বেগ জানান, এ ব্যাপারে পৃথক দু'টি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৩০ ঘ.
bdnews24