ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নতুন কোনো আইন বা নিয়ন্ত্রণ আদেশ প্রবর্তন অথবা প্রচলিত আইনের সংস্কারের আগে সরকারকে সংশ্লিষ্ট বিষয়ে জনগণের মতামত নিতে বলবে রেগুলেটরি রিফর্মস কমিশন। এছাড়া, গেজেট বিজ্ঞপ্তিগুলো ওয়েব সাইটে প্রকাশের সুপারিশ করবে কমিশন।
রোববার পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান আকবর আলী খান সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন এ বিষয়ে সোমবার প্রধান উপদেষ্টার কাছে দুটি সুপারিশ পেশ করা হবে।
কমিশন চেয়ারম্যান বলেন, সরকার নিয়মিতভাবেই বিভিন্ন আইন ও বিধির পরিবর্তন করে থাকে। এটি ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই কোনো আইন বা বিধির পরিবর্তন বা নতুন কোনো আইন তৈরির আগে জনগণের মতামত নেওয়ার জন্য আমরা সরকারকে সুপারিশ করছি।
পরিবর্তনের ধরন ও কারণ জানার অধিকার জনগণের আছে বলে মন্তব্য করেন আকবর আলী খান।
পুরানো সরকারি আইন ও নীতিমালা আধুনিকায়নের মাধ্যমে অর্থনীতি, শাসন ব্যবস্থা ও প্রশাসনে গতিশীলতা আনতে গত ৩০ অক্টোবর ১৭ সদস্যের রেগুলেটরি রিফর্মস কমিশন করে সরকার। এ কমিশনের মেয়াদ একবছর।
বিডিনিউজ টুয়েনিস্টফোর ডটকম/এসআর/টিএইচ/এসএনডি/এসকে/২১৫৪ঘ.
bdnews24