ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - পাহাড় কাটা ও জরুরি বিধিমালায় দায়ের দুটি মামলায় চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে জামিন দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আবদুল হাইয়ের হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।
চলতি বছরের ২৭ ফেব্র"য়ারি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ইমারত পরিদর্শক আবু তাহের পাহাড় কাটার অভিযোগে মেয়র মহিউদ্দিনসহ ৩ জনের বিরুদ্ধে খুলশি থানায় একটি মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, আসামিরা চট্টগ্রামের পাহাড়তলী মৌজার পাহাড় কেটে এর মাটি অবৈধভাবে বিক্রি করেছে।
এছাড়া ৮ মার্চ চট্টগ্রামের পাশলাইশ থানায় জরুরি ক্ষমতা আইনে মেয়রের বিরুদ্ধে একটি সাধারণ এজাহার করে পুলিশ।
গত ১৭ মে হাইকোর্ট এ দুটি মামলায় মেয়র মহিউদ্দিনকে তিন মাসের অন্তবর্তীকালীন জামিন দেয়। একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না সরকারের কাছে তার কারণ জানতে চেয়ে রুল জারি করা হয়।
সরকারের আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট গত ৩১ মে এই অন্তবর্তীকালীন জামিন বাতিল করে দেয়।
মহিউদ্দিনের আইনজীবীরা এরপর হাইকোর্টের জারি করা রুলটির নিষ্পত্তির জন্য আবেদন করে। রোববার শুনানির পর হাইকোর্ট দুই মামলাতেই তার জামিন মঞ্জুর করে।
মেয়র মহিউদ্দিনের পক্ষে শুনানিতে অংশ নেন ড. কামাল হোসেন। তাকে শুনানিতে সহায়তা করেন অ্যাডভোকেট হরিসাধন দেব।
হরিসাধন দেব সাংবাদিকদের জানান, মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন আদালতে মোট ১৪টি মামলা বিচারাধীন রয়েছে। এ পর্যন্ত ১০টি মামলায় তিনি জামিন পেয়েছেন। দুটি মামলায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আদালত। এখনো দুইটি মামলায় জামিন না পাওয়ায় আপাতত তিনি মুক্তি পাচ্ছেন না।
যৌথবাহিনীর সদস্যরা গত ৭ মার্চ মেয়র মহিউদ্দিনকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/২১০০ ঘ.
bdnews24