চট্টগ্রাম, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলায় চট্টগ্রাম ওয়াসার সাময়িক বরখাস্ত তিন প্রকৌশলীসহ চারজনকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত এবং প্রত্যেককে চার লাখ ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম বেকসুর খালাস পেয়েছেন।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এস এম সোলায়মান শুনানি ও যুক্তিতর্ক শেষে রোববার বিকালে এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ওয়াসার তিন কর্মকর্তা হলেন- তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শফিউল্লাহ, সহকারী প্রকৌশলী একেএম আবদুল কুদ্দুস, উপ-বিভাগীয় প্রকৌশলী আবু তাহের। অপর ব্যক্তি হলেন- ঠিকাদার ফারুক আহমেদ।
এদের মধ্যে প্রকৌশলী আবু তাহের ও ঠিকাদার ফারুক আহমেদ বর্তমানে পলাতক।
রাষ্টপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুনীর্তির অভিয়োগে করা এ মামলায় দণ্ডবিধির ৪০৯/৪৭৭ (ক), ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় চার আসামিকে পৃথকভাবে ৫ বছর করে মোট ১৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তাদের সাজা একসঙ্গে কার্যকর হবে। পলাতক দুজনের সাজা গ্রেপ্তার হওয়ার পর থেকে কার্যকর হবে।
২০০০ সালে নগরীর পাচঁলাইশ বালিকা বিদ্যালয় থেকে তক্তার পুল পর্যন্ত পিভিসি পাইপ লাইন বসানোর কাজে ১৭ লাখ টাকা দুর্নীতির অভিযোগে ২০০৪ সালের ১৭ জুন ওই পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো (বর্তমানে কমিশন) এর পরিদর্শক মবিনুল ইসলাম এ মামলা করেন।
এ বছর ২৬ সেপ্টেম্বর র্যাব সদস্যরা চট্টগ্রাম ওয়াসা ভবন থেকে প্রধান প্রকৌশলীসহ চার প্রকৌশলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ওয়াসা কর্তৃপক্ষ তাদের সাময়িক বরখাস্ত করে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ বছরের ২৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ গঠন করা হয় ৩১ অক্টোবর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৮৪০ ঘ.
bdnews24