ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হরতালের পক্ষে-বিপক্ষে রাজনৈতিক দলগুলোর সহিংস কর্মসূচিকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে দেয়া হাইকোর্টের রায় বাতিল করেছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির দায়ের করা আপিলের ওপর শুনানি শেষে রোববার এ রায় দেন।
রায়ের পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "হরতাল প্রশ্নে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছিল এ রায়ের ফলে তা আর থাকলো না।"
হাইকোর্ট তার রায়ে বলেছিল, হরতালে বাধাদান বা তা পালনে বাধ্য করার ক্ষেত্রে পুলিশ ও আদালত ব্যবস্থা নিতে পারবে। অ্যাটর্নি জেনারেল বলেন, "আপিল বিভাগের রায়ের ফলে হাইকোর্টের সে নির্দেশ বাতিল হলো। কারণ কেউ আইন-শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পর্যাপ্ত আইন রয়েছে। সে জন্য আলাদা করে আদালতের নির্দেশনা দেওয়ার প্রয়োজন নেই।"
তবে এই রায়ের সঙ্গে কিছু অভিমত দেয়া হবে বলে আপিল বিভাগ জানিয়েছে।
১৯৯৯ সালের ১৫ ফেব্র"য়ারি হরতালকে কেন ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করা হবে না- এ মর্মে হাইকোর্ট একটি রুল জারি করে।
ওই বছরই ১৩ মে বিচারপতি মো. গোলাম রব্বানী ও বিচারপতি মো. লতিফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ হরতালের ডাক দেওয়ার বিষয়টিকে বৈধতা দিলেও কাউকে হরতাল পালনে বাধ্য করা কিংবা বিপরীতক্রমে হরতাল পালনে বাধা দেওয়া উভয়কে ফৌজদারি অপরাধ গণ্য করে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ও আদালতকে নির্দেশ দেয়।
এরপর বিএনপির তৎকালীন মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন। ১৯৯৯ সালের ২৫ জুলাই সুপ্রিমকোর্ট আপিল আবেদনটি শুনানির জন্য গ্রহণ করে। আদালতের নির্দেশে মান্নান ভূঁইয়া আপিল বিভাগে নিয়মিত আপিল দায়ের করেন।
মান্নান ভূঁইয়ার পক্ষে অ্যাডভোকেট আফতাব আহমেদ ওই আপিল শুনানিতে অংশ নেন। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ হায়দার আলী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসআরডি/এমআই/এসকে/১৪৩৯ঘ.
bdnews24