২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গতদের অভিযোগ, মুখচেনারাই শুধু সরকারি ত্রাণ পাচ্ছে

আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে এ বিষয়টি মাথায় রেখে স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের নিজের ওয়ার্ড বা এলাকার পরিচিত ও দলীয় লোকদের মাঝে বেশিরভাগ ত্রাণ বিতরণ করছেন বলে অভিযোগ করেছে বরগুনা ও পটুয়াখালীর ঘূর্ণিদুর্গতরা। জানাচ্ছেন আবু নোমান সজীব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2007, 11:00 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

আবু নোমান সজীব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক পটুয়াখালী, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরগুনা ও পটুয়াখালী অঞ্চলে ঘূর্ণিঝড় সিডরে আক্রান্ত দুর্গত হাজার হাজার মানুষের মধ্যে মুখচেনা লোকরাই সরকারি ত্রাণ পাচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে এ বিষয়টি মাথায় রেখেই স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের নিজের ওয়ার্ড বা এলাকার পরিচিত ও দলীয় লোকদের মাঝে ত্রাণ বিতরণ করছেন বলে অভিযোগ করেছে দুর্গতরা। তাছাড়া ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পর অনেক ক্ষতিগ্রস্ত গ্রামের বাসিন্দারাই এখন পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধিদের দেখা পায়নি। প্রয়োজন অনুযায়ী ত্রাণ বিতরণ করা সম্ভব হচ্ছে না স্বীকার করে নিলেও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ার কারণেই অনেক এলাকার মানুষ বঞ্চিত থেকে যাচ্ছে। এক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি হচ্ছে না বলেও দাবি করেছেন তারা। এদিকে স্থানীয় প্রশাসনও ত্রাণ বরাদ্দ দিয়েই তাদের দায়িত্ব সারছে। কোনো নজরদারীর ব্যবস্থা এক্ষেত্রে নেই। জেলা প্রশাসন বলছে, স্বজনপ্রীতি বা অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। বরগুনা সদর থানার গৌরীচন্না ইউনিয়নের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দফা বরগুনা জেলা সদরে এসে ত্রাণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করেছে। এ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আবি আব্দুল্লাহ বাচ্চু খান ঘূর্ণিঝড় আঘাত হানার পর গত ১৪ দিনেও এলাকার অধিকাংশ গ্রামে যাননি বলে অভিযোগ করেছে গ্রামের বাসিন্দারা । ইউনিয়নের চর খাজুরতলা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল খালেক বুধবার বলেন, "ঝড়ে সব ভাইসা গেছে। ভাত খাওনের থালাডা পর্যন্ত নাই। কলার বলে (কলার পাতা) ভাত খাই। এহন পর্যন্ত কপালে মাত্র দুই কেজি চাল জুডছে। চেয়ারমেনও মোগো দেখবার জন্যি এলাকায় আসে নাই। তাই ঠেকায় পইড়া মিছিলে আইছি।" গ্রামের বয়োবৃদ্ধ আব্দুল কুদ্দুস খান বলেন, "ঝড়ের পর থেইকা চেয়ারমেন মোগো একবার দেখতেই আইলো না। আর রিলিফও সব দিতাছে নিজের গ্রামে। আমাগো গ্রামে মেম্বাররে দিয়া যাও দিছে তাও আবার হুধু ওয়াপদার (পানি উন্নয়ন বোর্ডের) বাহির সাইডে। মোগো ভাগ্যে কিছ্ছু জোটে নাই। তাই বাধ্য হইয়া রাস্তায় নামছি।" এ ব্যাপারে টেলিফোনে চেয়ারম্যান আব্দুল্লাহ বাচ্চু খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "প্রয়োজন অনুযায়ী ত্রাণ বিতরণ করা সম্ভব হচ্ছে না এ কথা ঠিক। কারণ চাহিদা অনুযায়ী বরাদ্দ পাওয়া যাচ্ছে না। আর ঝড়ের পর অনেক এলাকায় যেতে পারি নাই এ অভিযোগও অনেকটা সত্যি। কারণ ঝড়ের পর গাছপালা পড়ে রাস্তাঘাট বন্ধ থাকার কারণে প্রথম দুই-তিন দিন এলাকায় ঢোকার সুযোগই ছিলো না। আর পরে ত্রাণ বিতরণ ও জেলা পরিষদ থেকে ত্রাণ নেওয়ার কাজে ব্যস্ত ছিলাম। এ কারণে এলাকায় তেমন একটা সময় দিতে পারি নাই।" শুধুমাত্র মুখচেনা ও দলীয় মানুষের মাঝে ত্রাণ বিতরণের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, "এই অভিযোগ ঠিক না। এলাকায় আমার প্রতিদ্বন্দ্বীরা মিথ্যা প্রচারণা চালিয়ে দুর্গত মানুষের সহানুভূতি টানার চেষ্টা করছে।" বরগুনার জেলা প্রশাসক মো. আলতাফ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ত্রাণ পাওয়ার পর ক্ষতির পরিমাণ অনুযায়ী বিভিন্ন ইউনিয়ন পরিষদের মধ্যে তা ভাগ করে দিচ্ছি। এরপর তা কীভাবে বিতরণ হচ্ছে তা নজরদারি করার কোনো ব্যবস্থা নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া যেতে পারে।" বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের আগা পদ্মা গ্রামে রোববার দুপুরে দেখা হয় স্থানীয় শিয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সুজিত হাওলাদারের (১৫) সঙ্গে। সাংবাদিক পরিচয় পেয়ে তার গ্রামে যাওয়ার জন্য এ প্রতিবেদককে বার বার অনুরোধ করে সে। সুজিত জানায়, ঝড়ের পর থেকে রোববার পর্যন্ত ওই গ্রামে একজন ত্রাণকর্মী বা সাংবাদিকও যায়নি। সকালে দুই বিদেশি সাংবাদিককে অনেক অনুরোধ করিয়ে রাজি করানো গেলেও দুর্গম বলে সঙ্গে থাকা বাংলাদেশি সাংবাদিকরা যেতে রাজি হয়নি। শেষ পর্যন্ত সুজিতের অনুরোধে প্রায় তিন কিলোমিটার পথ পেরিয়ে আগা পদ্মা গ্রামে গিয়ে দেখা গেল সেখানকার নব্বই ভাগ ঘর-বাড়ি আর গাছপালাই মাটিতে মিশে গেছে। মাঠের ফসলও পুরোপুরি নষ্ট হয়ে গেছে। গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী ফারুখ খাঁ (৩০) জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সেনা সদস্য সুলতান মাহমুদ চাকরি থেকে অবসর নেওয়ার পর গ্রামে এসে অনেক অনুনয়-বিনয় করে ভোট চেয়েছিলেন। কিন্তু ঘূর্ণিঝড় আঘাত আনার পর একবারও তাকে গ্রামে দেখা যায়নি। ফারুখ খাঁ বলেন, "হেই তো নিজের গ্রাম কুমিরমারা নিয়াই পইড়ে আছে। যা রিলিফ পায় তার সবই হেইখানে দেতে আছে।" গ্রামের বাসিন্দা সুশীল হাওলাদার বলেন, "ঝড়ের পর এহন পর্যন্ত মোটে পোনে চাইর কেজি চাল জুডছে। তাও আবার গ্রামের ভিতরে দেয় নাই। চাইর মাইল দূরের বাবুগঞ্জ বাজারে যাইয়া লইয়া আইছি।" এ ব্যাপারে চেয়ারম্যান সুলতান মাহমুদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ ধরনের আরো একটি ইউনিয়ন বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী। ইউনিয়নের ছোনবুনিয়া, উত্তরা পাতাকাটা ও দক্ষিণ পাতাকাটাসহ বেশ কয়েকটি গ্রামে চেয়ারম্যান শাহজাহান মিয়া ঝড়ের পর একবারও আসেননি বলে অভিযোগ গ্রামবাসীর। তাছাড়া চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার ভোটের কথা মাথায় রেখে পরিচিত লোকজনের মাঝেই বেশিরভাগ ত্রাণসামগ্রী বিতরণ করছে বলে গ্রামবাসীরা অভিযোগ করেন। উত্তর পাতাকাটা গ্রামের বাসিন্দা আব্দুল হক গাজী জানান, ঝড়ের পর থেকে সোমবার পর্যন্ত তারা সরকারিভাবে মাত্র চার কেজি চাল পেয়েছেন। এর মধ্যে ঝড়ের তিন দিন পর আড়াই কেজি এবং পাঁচ দিনের মাথায় মাত্র দেড় কেজি চাল দেওয়া হয়। দক্ষিণ পাতাকাটা গামের বাসিন্দা মো. মিনহাজউদ্দিন জানান, সোমবার পর্যন্ত তিনি পেয়েছেন মাত্র দেড় কেজি চাল। তার অভিযোগ, চেয়ারম্যান ও মেম্বাররা নিজেদের পরিচিত ও দলীয় লোকদেরই বেশিরভাগ ত্রাণ দিয়ে দিচ্ছে। স্থানীয় ইউপি সদস্য মো. বাচ্চু জানান, ঝড়ের রাতে ছোনবুনিয়া ও পাতাকাটা গ্রামের ১২২টি ঘরের মধ্যে ছয়টি বাদে সবই বিধস্ত হয়। কিন্তু সোমবার পর্যন্ত ঘর তোলার জন্য কোনো সাহায্য তাদের দেওয়া হয়নি। গ্রামের বাসিন্দা বেল্লাল হোসেন বলেন, "মাতব্বররা নাম লেখাইয়া আগেই সব ত্রাণ লইয়া যায়। পরে মোরা কিছুই পাই না।" এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেলা পরিষদ থেকে যে পরিমাণ বরাদ্দ পাওয়া যাচ্ছে তা বিভিন্ন গ্রামে ভাগ করে বিতরণ করা হচ্ছে। এক্ষেত্রে যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে। আর মেম্বাররা কোনো অনিয়ম করে থাকলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৫ নম্বর নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামের মান্নান হাওলাদার বলেন, "ঝড়ে মোর ঘর, ঘের, জমির ফসল সবই গ্যাছে। কিন্তু এহন পর্যন্ত হুদা পাঁচ কেজি চাল আর একশ ট্যাহা পাইছি।" তিনি অভিযোগ করেন, চেয়ারম্যান কামরুজ্জামান শহীদ যা ত্রাণ বরাদ্দ পাচ্ছেন তা নিজের গ্রামের লোকদের মধ্যেই বেশি বিতরণ করছেন। তবে চেয়ারম্যান কামরুজ্জামান শহীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/টিএইচ/জেকে/এমএ/১৬৪৯ঘ.