২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গতদের পুঁজি করে রাজনীতির চেষ্টা হলে ব্যবস্থা নেয়া হবে: মতিন

দুর্গত মানুষকে পুঁজি করে কেউ রাজনীতি করতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন। তিনি বলেছেন, "দুর্গত মানুষকে পুঁজি করে কেউ রাজনীতি করতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে। কেউ যদি উচ্ছৃঙ্খলতা দেখায় তবে তাকে গ্রেপ্তারও করা হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2007, 08:46 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

বরগুনা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্গত মানুষকে পুঁজি করে কেউ রাজনীতি করতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন। তিনি বলেছেন, "দুর্গত মানুষকে পুঁজি করে কেউ রাজনীতি করতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে। কেউ যদি উচ্ছৃঙ্খলতা দেখায় তবে তাকে গ্রেপ্তারও করা হবে।" ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের প্রধান সমন্বয়কারী এম এ মতিন শুক্রবার বরগুনা সফরে আসেন। সকালে বরগুনা পৌঁছে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় অংশ নেন। পরে তিনি গৌরিচন্না ইউনিয়নের ধুপটি গ্রামে দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এম এ মতিন দুর্গতদের উদ্দেশে বলেন, "সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। দুর্গতদের সর্বাত্মক সহায়তা করবে সরকার। এ জন্য মিছিল-মিটিংয়ের প্রয়োজন নেই। কোথাও ত্রাণ না পৌঁছলে প্রশাসনের কাছে খবর দেবেন। সঙ্গে সঙ্গে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা হবে।" ত্রাণ বিতরণে কোনো জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অনিয়ম কিংবা স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেলে তাদের বাদ দিয়ে স্থানীয় নিরপেক্ষ লোকজনের মাধ্যমে ত্রাণ দেয়া হবে বলে যোগাযোগ উপদেষ্টা জানান। তিনি বলেন, "দুর্গত এলাকার এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের ফি সরকার ইতোমধ্যেই মওকুফ করেছে। ডিসেম্বর থেকে এ সব এলাকায় ভিজিএফ কার্ডের মাধ্যমে দুর্গত প্রতিটি পরিবারকে ১৫ কেজি করে চাল দেয়া হবে। টিআর প্রকল্পের মাধ্যমে কাজের সুযোগ করে দেয়া হবে।" যোগাযোগ উপদেষ্টা ধুপটি গ্রামে দুর্গত ৪০০ জনকে ১০ কেজি করে চাল, বিশুদ্ধ পানির বোতল এবং একটি করে কম্বল দেন। ত্রাণ বিতরণকালে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। ওই সময় আব্দুল আজিজ ও মনোয়ারা বেগম নামে দুই গ্রামবাসী উপদেষ্টাকে জানান, ঝড়ের পর তারা এ প্রথম ত্রাণ পেলেন। উপদেষ্টা দুর্যোগ মোকাবেলায় দৃঢ় মনোবল নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, "জীবন থেমে থাকে না। আপনারা নতুন করে বাঁচার সংগ্রাম শুরু করুন। সরকার আপনাদের পাশে আছে।" ত্রাণ বিতরণের সময় জেলা প্রশাসন ও যৌথবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ত্রাণের দাবিতে গৌরিচন্না ইউনিয়নের দুটি গ্রামের বাসিন্দারা গত তিন দিন বিক্ষোভ করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/জিএনএ/১৪২৩ ঘ.