ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিদুর্গত এলাকা পরিদর্শনে বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। শনিবার সকাল ৯টায় তার ঢাকা পৌঁছার কথা রয়েছে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী।
সফরকালে প্রণব মুখোপাধ্যায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখবেন। এছাড়া প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। শনিবার বিকালে হোটেল রেডিসনে তার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র এক বিবৃতিতে জানান, বাংলাদেশের জনগণের এই প্রয়োজনীয় মুহূর্তে সহমর্মিতা জানাতেই প্রণব মুখোপাধ্যায়ের এই সফর।
বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের প্রতি সহমর্মিতার নিদর্শন হিসাবে ভারত গত কয়েকদিনে বিমানের সাহায্যে ওষুধপত্র, তাঁবু, কম্বল, তৈরী খাবার ও বহনযোগ্য পানি বিশুদ্ধকরণ উপকরণ প্রভৃতি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। ত্রাণ সামগ্রীর শেষ চালানটি ভারতের পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী ভারত বাংলাদেশকে প্রায় ১০০ কোটি রুপি মূল্যের খাদ্য সহায়তা দেবে উল্লেখ করে তা দ্রুত হস্তান্তর করা হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৩৬ ঘ.
bdnews24