২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইপিজেডে মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা

মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার জের ধরে বৃহস্পতিবার চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি জুতা তৈরির কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ইপিজেড কর্তৃপক্ষ ও পুলিশের সহায়তায় দুই পক্ষের সমঝোতা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 03:58 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার জের ধরে বৃহস্পতিবার চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি জুতা তৈরির কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ইপিজেড কর্তৃপক্ষ ও পুলিশের সহায়তায় দুই পক্ষের সমঝোতা হয়। পুলিশ ও শ্রমিকরা জানায়, এক্সেল সিওর সু নামের ওই কারখানার এক কর্মকর্তা এক শ্রমিককে কারখানার ভেতরে মোবাইল ফোনে কথা বলতে নিষেধ করেন। এ নিয়ে বিকেল সাড়ে তিনটার দিকে শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের কথা কাটাকাটি শুরু হয়। এ সময় একজন কর্মকর্তা সেই শ্রমিকের মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। এর জের ধরে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তারা কাজ বন্ধ করে দেয়। এক পর্যায়ে কারখানার বাইরে থেকে ইট ছুঁড়ে দরজা-জানালা ভাংচুর করা হয়। সিইপিজেডের সহকারি ব্যবস্থাপক (জনসংযোগ) আনওয়ার পারভেজ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "বিদেশি মালিকাধীন ওই জুতো কারখানার এক কর্মকর্তা একজন শ্রমিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলায় শ্রমিকরা উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় কে বা কারা বাইরে থেকে ইট ছুঁড়ে কারখানার একটি দরজা ও জানালার কাঁচ ভেঙে ফেলে।" আনওয়ার পারভেজ জানান, সন্ধ্যার পর ইপিজেডের কর্মকর্তারা ও পুলিশ গিয়ে শ্রমিক ও মালিক পক্ষকে নিয়ে আলোচনায় বসে। কর্তৃপক্ষ ভেঙে ফেলা মোবাইলের ক্ষতিপূরণ দিতে রাজি হওয়ার পর শ্রমিকার শনিবার থেকে কাজ শুরু করতে রাজি হয়। ইপিজেড এলাকায় দায়িত্বরত সার্জেন্ট মো. জাহাঙ্গীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি ছোট ঘটনা নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের সামান্য সমস্যা হয়েছিল। পরে পুলিশের উপস্থিতিতে শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের আলোচনার ভিত্তিতে বিষয়টির সমাধান হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/২১৪৮ ঘ.