চট্টগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্ত্রী ও শিশুসন্তানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া পরিতোষ রুদ্র নামে এক আসামির ফাঁসি বুধবার রাতে চট্টগ্রাম কারাগারে কার্যকর করা হয়েছে।
চট্টগ্রাম কারাগারের জেল সুপার আতাউর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১২টা ১ মিনিটে পরিতোষের ফাঁসি কার্যকর করা হয়। এ সময় জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপ পুলিশ কমিশনার (সদর) সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আতাউর রহমান জানান, সকাল ৬টায় পরিতোষের ছোটভাই প্রদীপ রুদ্র তার লাশ জেল গেট থেকে গ্রহণ করেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।
পারিবারিক কলহের জের ধরে পরিতোষ ২০০০ সালের নভেম্বর মাসে স্ত্রী সুনীতা রুদ্র ও তাদের নয় মাসের মেয়েকে হত্যা করেন। এ সময় তিনি কক্সবাজার জেলার টেকনাফে থাকতেন।
এ অপরাধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ২০০১ সালের ২৮ অক্টোবর তাকে মৃত্যুদণ্ড দেন। ওই রায় পরে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টেও বহাল থাকে। সর্বশেষ রাষ্ট্রপতিও তার প্রাণভিক্ষার আবেদন মঞ্জুর করেননি।
আতাউর রহমান জানান, চলতি বছরের ৩০ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ কারাগারে পৌঁছানোর পর বুধবার রাতে তার ফাঁসি কার্যকর করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/১৫৪৭ ঘ.
bdnews24