মারুফ মল্লিক
প্রতিবেদক, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম
ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অগ্রহায়ণ মাসের ১৩ দিন চলে গেছে। শেষের পথে হেমন্ত। এবার শীতের পালা। প্রকৃতিতে তার আভাসও পাওয়া যাচ্ছে। ক্রমেই কমে আসছে দিনের দৈর্ঘ্য। বিকেলের পরপরই ঝুপ করে নামছে সন্ধ্যা।
শীতের আগমনী টের পাওয়া গেলেও তাপমাত্রা কমছে না। নভেম্বরের শেষে এসেও অনুভূত হচ্ছে গরম। সারাদেশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমবেশি দু'তিন ডিগ্রি ওপরে থাকছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীত পড়তে শুরু করবে। বর্তমানে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করছে। এবার একটু দেরিতেই আসতে পারে শীত।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশান অফ ন্যাচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেজ (আইইউসিএন) এর আবাসিক প্রতিনিধি ড. আইনুন নিশাত বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বাভাবিকের চেয়ে বেশি গরম লাগছে। এটা এই ইঙ্গিত বহন করে যে বিশ্বের জলবায়ুর পরিবর্তন হচ্ছে।"
আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটা নভেম্বর মাসের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।
আগের দিন সোমবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেট ও কক্সবাজারে ৩১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপমহাদেশীয় উচ্চচাপ বলয় এখন পুরোপুরিভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। তাই শীত অনুভূত হচ্ছে না। এবার শীত আসতে ৫ থেকে ৭ দিন বিলম্ব হতে পারে।"
তিনি বলেন, সাইক্লোন সিডরের আঘাতও দেরিতে শীত আসার অন্যতম কারণ। এটা এই অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার কারণে বায়ুমন্ডলীয় বিন্যাসে ব্যত্যয় ঘটেছে। ঝড়ের প্রবল শক্তিই এর কারণ।
বায়ু মন্ডলের বিন্যাাস স্বাভাবিক হতে সময় লাগবে। এ কারণেও শীত আসতে বিলম্ব হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
আবহাওয়া অফিস জানায়, শীত তেমন একটা অনুভূত না হলেও দেশের নদী অববাহিকা অবস্থিত এলাকাগুলোতে হালকা কুয়াশা পড়তে শুরু করেছে।
এছাড়া আকাশে মেঘ থাকার কারণে গরম অনুভূত হচ্ছে। পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ বাংলাদেশের ওপরে থাকায় গরম লাগছে। এটি কেটে গেলেই তাপমাত্রা কমতে শুরু করবে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ নাইমা বাতেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সারাদেশেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দু' তিন ডিগ্রি সেলসিয়াস বেশি আছে। সর্বনিম্ন তাপমাত্রা কমবেশি ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএসবি/এমএইচবি/২১১৩ ঘ.
bdnews24