ঢাকা,২৭ নভেম্বর(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- দু'দফায় বন্যা এবং সিডরের ধাক্কায় আমনের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী বোরো মৌসুমে ১০ লাখ হেক্টর জমিতে উচ্চফলনশীল জাতের ধান উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার ।
কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল শাহীন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এতথ্য দেন। তিনি বলেন, সরকারের এই সিদ্ধান্তে আমন মৌসুমের ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব হবে।
কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন ইরি-বোরো মৌসুমে ৫৩ লাখ হেক্টর জমিতে ধান রোপন করা হবে। এর মধ্যে ১০ লাখ হেক্টর জমিতে উচ্চ ফলন শীল জাতের( হাইব্রীড) ধান লাগানো হবে। হাইব্রীড ধানের ফলন দেশী জাতের চেয়ে হেক্টর প্রতি কমপক্ষে দেড় মেট্রিক টন করে বেশী হয়। এতে কয়েক দফায় প্রাকৃতিক দুর্যোগের কারণে আমন মৌসুমে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠা সম্ভব হতে পারে।
চলতি আমন মৌসুমের শুরুতে দু'দফার বন্যা এবং সর্বশেষ সিডরের আঘাতে ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। এবার আমন মৌসুমে উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছিল এক কোটি ৩০ লাখ মেট্রিক টন। সেখানে দু'দফা বন্যার কারণে ফসলের ক্ষতি হয়েছে প্রায় ১০ লাখ মেট্রিক টন এবং সিডরের আঘাতে ক্ষতির প্রাথমিক হিসেব হচ্ছে সাত থেকে আট লাখ মেট্রিক টন। মোট আমন ধান ক্ষতির পরিমাণ দাড়িয়েছে ১৭ থেকে ১৮ লাখ মেট্রিক টন।
আসন্ন ইরি-বোরো মৌসুমে ১০ লাখ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের ধান হলে সেখান থেকে অতিরিক্ত ১৫ লাখ মেট্রিক টন ধান আসবে। যা দিয়ে ক্ষতির বড় অংশ পুষিয়ে যাবে বলে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন।
হাইব্রীড ধান চাষের জন্য বিএডিসি এবং বেসরকারী খাত থেকে বীজ সরবরাহ করা হবে। এছাড়া সারের সরবরাহ অব্যাহত রাখার জন্য সরকার ইতোমধ্যেই ডিলারের সংখ্যা বৃদ্ধিসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/এমএ/১৩৪৭ঘ.
bdnews24