২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি মামলায় রাজশাহীর ব্যবসায়ী নেতা লুৎফরের বিরুদ্ধে অভিযোগ গঠন

রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি এবং সিটি মেয়র মিজানুর রহমান মিনুর ব্যবসায়িক অংশীদার লুৎফর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে দায়ের করা একটি মামলার অভিযোগ গঠন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 01:16 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

রাজশাহী, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি এবং সিটি মেয়র মিজানুর রহমান মিনুর ব্যবসায়িক অংশীদার লুৎফর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে দায়ের করা একটি মামলার অভিযোগ গঠন হয়েছে। লুৎফর রহমানের উপস্থিতিতেই সোমবার রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এ মামলার অভিযোগ গঠন হয়। বিচারক রাশেদা সুলতানা আগামী ২৯ নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। গত ৬ আগস্ট রাজশাহীর দূর্গাপুর উপজেলার ব্যবসায়ী নুরুন্নবী নগরীর বোয়ালিয়া থানায় লুৎফর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ২৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় অভিযোগ করা হয়, লুৎফর রহমান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদের পরিচালক থাকাকালে ২০০২ সালে বাদি তার মালিকানাধীন নিগার কোল্ড স্টোরেজ এর নামে একটি হিমাগার স্থাপনের জন্য রাকাবের দূর্গাপুর শাখায় ৭ কোটি ৭৭ লাখ টাকা ঋণের আবেদন করেন। সে ঋণ অনুমোদনের জন্য লুৎফর রহমান ওই বছরের ১১ জুলাই বাদির কাছ থেকে সাড়ে ২৯ লাখ টাকা চাঁদা নেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০৪ ঘ.