ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু ট্রাস্ট দুর্নীতি মামলায় শেখ হাসিনার জামিন মঞ্জুরের হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছে সুপ্রিমকোর্ট। একইসঙ্গে আদালত এ মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে। সুুপ্রিমকোর্টের এই আদেশের ফলে নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম চলবে।
সোমবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ দুদক ও সরকারের আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুদক গত ২ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলাটি দায়ের করে।
সুপ্রিমকোর্ট আদেশ দেওয়ার পর শেখ হাসিনার কৌসুলি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেন, "হাইকোর্ট বঙ্গবন্ধু ট্রাস্ট মামালায় শেখ হাসিনাকে জামিন দিয়েছিল এবং মামলার কার্যক্রম স্থগিত করেছিল। হাইকোর্টের ওই আদেশ আপিল বিভাগ স্থগিত করে দিয়েছে। আদালত বলেছে, এ মামলায় নিম্ন আদালতের কার্যক্রম যথারীতি চলবে।"
ব্যারিস্টার তাপস আরও বলেন, "আদালতের আজকের রায়ে আমরা হতাশ হয়েছি। এখন আপিল বিভাগ হাইকোর্টের রুলের নিষ্পত্তির জন্য পদক্ষেপ নিতে পক্ষগুলোকে আদেশ দিয়েছে। আমরা খুব দ্রুত সেই রুলের নিষ্পত্তির ব্যবস্থা করব।"
৪ নভেম্বর এ মামলায় শেখ হাসিনাকে হাইকোর্ট জামিন মঞ্জুর করে। ওই দিন জরুরি আইনে অন্তর্ভুক্ত করা এ মামলার কার্যক্রম স্থগিত করে দিয়েছিল হাইকোর্ট। পাশাপাশি মামলাটি জরুরি আইনের আওতায় নেওয়ার সিদ্ধান্ত ও মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না সরকার ও দুর্নীতি দমন কমিশনকে তার কারণ জানাতেও রুলনিশি জারি করে হাইকোর্ট। গত ২০ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা আইনের আওতায় নেয় সরকার।
২৮ অক্টোবর হাসিনা মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। একইসঙ্গে তিনি এ মামলার জামিনের আবেদনও করেন।
১৬ জুলাই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনীর সদস্যরা। ওইদিনই ব্যবসায়ী আজম জে চৌধুরীর তিন কোটি টাকার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে সংসদ ভবন চত্বরের বিশেষ কারাগারে পাঠানো হয়। ১৩ জুন ব্যবসায়ী নূর আলীর দায়ের করা আরেকটি চাঁদাবাজির মামলায় হাসিনাকে গ্রেপ্তার দেখানো হয়। দুটি মামলাই জরুরি ক্ষমতা আইনের অন্তর্ভুক্ত করে সরকার।
পরবর্তীতে এর বৈধতা নিয়ে ও জামিন চেয়ে শেখ হাসিনা হাইকোর্টে রিট করলে আদালত দুই মামলাতেই তার জামিন মঞ্জুর করে। পরে দুদক ও সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ আগস্ট আপিল বিভাগ শেখ হাসিনাকে হাইকোর্টের দেওয়া জামিন ও মামলা দুটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ স্থগিত করে দেয়।
বঙ্গবন্ধু ট্রাস্ট মামলায় হাসিনার পক্ষে আপিল বিভাগে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভুইঞা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এমএ/১৪৪৫ঘ.
bdnews24