২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র ব্যবসায়ীদের ১৩০ কোটি টাকা ঋণ দেওয়া হবে

ঘুর্ণিঝড় সিডরের আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-জীবিকা সচল করতে সহজ শর্তে ১৩০ কোটি টাকা ঋণ বিতরণ করবে সরকার। রোববার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম রাতে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 02:22 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুর্ণিঝড় সিডরের আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-জীবিকা সচল করতে সহজ শর্তে ১৩০ কোটি টাকা ঋণ বিতরণ করবে সরকার। রোববার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম রাতে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান। ক্ষতিগ্রস্ত জেলে, গবাদিপশু ও পোলট্রি খামারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের এ ঋণ দেওয়া হবে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর মাধ্যমে ঋণ বিতরণ করা হবে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ঋণের সুদ ও শর্তাবলী জানতে চাইলে ফাহিম মুনেম জানান, অর্থ মন্ত্রণালয় ও পিকেএসএফ আলোচনা করে এ সব বিষয় স্থির করবে। এদিকে সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, রোববারের বৈঠকে ঘুর্ণিদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের ওপর বিস্তারিত আলোচনা হয়েছে। বরগুনা জেলার পাথরঘাটায় জেনারেটরের মাধ্যমে পানি সরবরাহ শুরু হয়েছে বলে বিবরণীতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ইউনিসেফ পাথরঘাটায় ২০ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন ১৫ হাজার বালতি পাঠিয়েছে। প্রসঙ্গত, পাথরঘাটায় এখনও বিদ্যুৎ চালু করা সম্ভব হয়নি। এছাড়া ঘন্টায় দুই হাজার লিটার পরিশোধন ক্ষমতাসম্পন্ন একটি ভ্রাম্যমান ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বাগেরহাটে পৌঁছেছে। একই ধরণের প্ল্যান্ট পিরোজপুর ও পটুয়াখালীতে শিগগিরই পাঠানো হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এসকে/২০১৬ঘ.