সাভার, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভার পৌরসভার জালেশ্বর মহল্লার রাবেয়া ক্লিনিকের ফার্মেসিতে রোববার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করেছে র্যাব। গ্রেপ্তার করা হয়েছে ফার্মেসির মালিককে।
র্যাব-৪ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাবেয়া ক্লিনিকের ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করা হয়; যা সরকারি হাসপাতাল ছাড়া বাইরে বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।
তিনি আরো জানান, যারা এ সব ওষুধ বাইরে বিক্রি করেছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
তবে উদ্ধার করা ওষুধের বিষয়ে বিস্তারিত জানায়নি র্যাব।
গ্রেপ্তারকৃতের নাম সাদেক আলী। তার বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার শাহজাদপুর গ্রামে।
সাদেক আলী ১৪ বছর ধরে রাবেয়া ক্লিনিকের একটি কক্ষ ভাড়া নিয়ে ব্যবসা করতো বলে ক্লিনিকের মালিক ডা. জসিম উদ্দিন জানান।
এ ঘটনায় সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১১ ঘ.
bdnews24