ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ইয়াবা রাখার কারণে মাদক মামলায় জান্নাতুল ফেরদৌস নিকিতাকে দুই দিনের রিমান্ড শেষে শনিবার আবার কারাগারে পাঠানো হয়েছে।
রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তা র্যাব-৩ এর উপপরিদর্শক সেলিম বাদশা তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করেন। এ সময় তদন্ত কর্মকর্তা আর রিমান্ড চাননি।
সন্ধ্যায় নিকিতার আইনজীবী জামিন আবেদন জানালে মহনগর হাকিম তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৪ নভেম্বর নিকিতা ও পূর্বাণী হোটেলের পরিচালক মাহবুবুর রহমান জয়নাল আদালতে আত্মসমর্পণ করতে গেলে র্যাব তাদের মুখ্য মহানগর হাকিমের আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করে।
একই দিন গভীর রাতে নিকিতার কর্ণফুলী সিটি গার্ডেনের বাসা থেকে তার বাবা আব্দুর নূর, মা সালেহা বেগম ও ভাই মো. মইনুদ্দিনকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় ওই বাসা থেকে ৩৪টি ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নিকিতা, তার বাবা, মা ও ভাইয়ের বিরুদ্ধে রমনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তার বাবা, মা ও ভাই এখন কারাগারে রয়েছেন।
নিকিতার আইনজীবী সালাউল্লাহ মিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, খুব শিগগিরই নিকিতার বাবা, মা ও ভাইয়ের জামিনের জন্য তিনি মহানগর দায়রা জজ আদালতে আবেদন করবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এমএ/২১১০ঘ.
bdnews24