ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--নারীর প্রতি আরও সংবেদনশীল হতে সারা দেশের পুলিশ সদস্যদের জন্য আনুষ্ঠানিকভাবে 'জেন্ডার গাইড লাইন' চালু করা হয়েছে।
গাইডলাইনের বাস্তবায়ন করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করার জন্য একটি কমিটিও গঠন করা হবে।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আনোয়ারুল ইকবাল আনুষ্ঠানিকভাবে এ গাইড লাইনের উদ্বোধন করেন।
তিনি বলেন, "বাংলাদেশের সমাজের সর্বস্তরে লিঙ্গ বৈষম্য ও অসমতা বিদ্যমান। এই গাইডলাইনের বাস্তবায়ন পরিস্থিতির পরিবর্তন ঘটাবে। এটা পুলিশ সদস্যদের আরো সংবেদনশীল এবং নারী ও শিশুদের প্রতি পুলিশ সদস্যদের মনোভাবের পরিবর্তন ঘটাবে বলে আশা করা হচ্ছে।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম, পুলিশের সাবেক মহাপরিদর্শক এএসএম শাহজাহান, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ও ইউএনডিপির সহযোগিতায় বাস্তবায়নাধীন পুলিশ সংস্কার কর্মসূচির (পিআরপি) প্রকল্প পরিচালক নব বিক্রম কিশোর ত্রিপুরা, পিআরপির প্রকল্প ব্যবস্থাপক হিউবার্ট স্টাবারহুফার এবং পিআরপির জেন্ডার বিশেষজ্ঞ ফওজিয়া খোন্দকার ইভা উপস্থিত ছিলেন।
আনোয়ারুল ইকবাল বলেন, "পুলিশ সংস্কার কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ বিভাগে প্রথমবারের মতো জেন্ডার গাইডলাইন চালু একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।"
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "থানাগুলোতে একজন পুরুষ যে সেবা পায়, একইভাবে নারীরাও যেন ওই একই সেবা পায় তা নিশ্চিত করার জন্য জেন্ডার গাইডলাইন তৈরী করা হয়েছে।"
নারীদের জন্য স্বতন্ত্র থানা স্থাপনের কোন প্রয়োজন আছে কিনা জানতে চাইলে উপদেষ্টা আরও বলেন, "স্বতন্ত্র কোন থানা নয়, প্রথম পর্যায়ে মডেল থানা এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সবগুলো থানাতে যদি মহিলা ইউনিট রাখা যায় তাহলে স্বতন্ত্র থানা স্থাপনের কোন প্রয়োজন নেই।"
সাবেক মহাপুলিশ পরিদর্শক এএসএম শাহজাহান বলেন, "বাস্তবায়নই হলো মূলকথা। বাংলাদেশে বিভিন্ন বিষয়ে যথেষ্ট আইন আছে। কিন্তু তা বাস্তবায়ন হয় না। এ কারণে জেন্ডার গাইডলাইন তৈরী করা হলেও তা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেদিকে নজর রাখতে হবে। এ জন্য একটি মনিটরিং কমিটি করতে হবে।"
অনুষ্ঠানে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ও পুলিশ সংস্কার কর্মসূচির (পিআরপি) প্রকল্প পরিচালক নব বিক্রম কিশোর ত্রিপুরা জেন্ডার গাইড লাইনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
এর মধ্যে রয়েছে মডেল থানাগুলো কোন প্রকার বৈষম্য ছাড়া আইনের মাধ্যমে সমভাবে রক্ষিত হবার অধিকার নিশ্চিত করবে, মডেল থানা নারী ও শিশুবান্ধব পরিবেশ তৈরীতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে, মডেল থানা নারীর প্রতি প্রয়োজনীয় সেবা প্রদানের গতিকে তরান্বিত করবে, সকল প্রকার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মডেল থানা কার্যকর ভুমিকা রাখতে সক্ষম হবে, মডেল থানায় পারিবারিক নির্যাতনসহ সকল নারী নির্যাতনের মামলা গুরুত্ব সহকারে গ্রহণ করা হবে এবং থানাগুলো নারীর প্রতি ইতিবাচক ও সংবেদনশীল আচরণ প্রদর্শন করবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/আরএ/ এমএ/১৭৫১ঘ.
bdnews24