ঢাকা নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ক্ষয়ক্ষতি ও দুর্যোগ মোকাবেলায় সরকারকে সাহায্য করবে ব্যবসায়ী সংগঠনগুলো।
আসছে রোববার ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠেয় এক সভায় সংগঠনগুলো তাদের সাহায্যের অংক সরকারকে সুনির্দিষ্টভাবে জানানোর প্রতিশ্র"তি দিয়েছেন।
মঙ্গলবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের এক সঙ্গে বৈঠকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী ব্যবসায়ীদের কাছে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এ সময় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা নগদ টাকা এবং সাহায্য সামগ্রীসহ যাবতীয় সহায়তা দেয়ার জন্য সরকারকে আশ্বাস দেন।
সভা শেষে ব্রিফিং এ উপদেষ্টা তপন চৌধুরী বলেন," সিডরের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম চলছে। এ কার্যক্রমে ব্যবসায়ীদের কিভাবে সম্পৃক্ত করা যায় সে বিষয় নিয়ে এই সভা করা হয়েছে। আগামী রোববার ব্যবসায়ীরা সুনির্দিষ্টভাবে টাকার অংক জানাবেন।"
উপদেষ্টা জানান, সভায় বিজিএমইএ এক লাখ পিস সোয়েটার, দুই লাখ পিস শার্ট-প্যান্ট, এবং বিকেএমইএ পাঁচ লাখ পিস গেঞ্জি ও টিশার্ট দেয়ার আশ্বাস দিয়েছে। এছাড়াও ব্যবসায়ী প্রতিনিধিরা স্থানীয় জেলা চেম্বার গুলোর সহযোগিতায় আরও কিছু ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণের চেষ্টা করবেন।
নির্বাচিত এলাকায় প্রয়োজন অনুযায়ী এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে জানান তপন চৌধুরী।
সভায় উপস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের সমন্বয়ক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, সিডরের আঘাতে দেশের ১৫ টি জেলা আক্রান্ত হয়েছে। এগুলোর মধ্যে সাতটি জেলায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধি এবং যৌথ বাহিনীর সমন্বয়ে সংগৃহিত তথ্য অনুযায়ী এ আঘাতে ১০ লাখ পরিবারের ৩৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপদেষ্টা তপন চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের সমন্বয়কের দায়িত্বে নিয়োজিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, এফবিসিসিআই এর সভাপতি মীর নাসির হোসেন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্ট্রিজ এর সভাপতি হোসেন খালেদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্ট্রিজ এর সভাপতি লতিফুর রহমান , বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্ট্রিজ এর ভারপ্রাপ্ত সভাপতি এম এ সহিদ, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ সভাপতি মসিউল করিম, আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, নির্বাহী পরিচালক এম এ গফফার, বিজিএমইএ এর সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, বিকেএমইএ এর সভাপতি ফজলুল হক উপস্থিত ছিলেন।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. আইয়ুব মিয়াও সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমএ/১৬৫৩ঘ.
bdnews24