ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডরের প্রভাবে ঝড়-বৃষ্টির কারণে বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে। একটানা দীর্ঘসময় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন থাকায় এ বিপর্যয় দেখা দেয়।
এর ফলে রাজধানীর ৩৩ টি থানার সঙ্গে শাহবাগ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাজধানীর কোথাও কোথাও ছিনতাইকারীরা ছিনতাই করলেও যোগাযোগ অকার্যকর থাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নিতে পারেনি।
অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের অফিস সহকারী কাজী মওদুদ এবং রাসেল হোসেন রাত আড়াইটায় ধানমন্ডি থানা এলাকার শংকরে স্টার কাবাবের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন। একটি সাদা রংয়ের টয়োটা করোলা গাড়ির আরোহী চার যুবক তাদের সিএনজি চালিত অটোরিকশার পথরোধ করে। তারা অস্ত্রের মুখে দুজনের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পরে রাত তিনটার দিকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের একজন প্রতিবেদক ধানমন্ডি থানায় টেলিফোন করে প্রাইভেটকার আরোহী ওই ছিনতাইকারীদের আটক করার অনুরোধ করেন। কিন্তু থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে রাত ১০টার পর থেকে থানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে ওয়্যারলেস সেটের রিপিটার যন্ত্রটিও অচল হয়ে পড়েছে। এ কারণে থানার টহল দল ও শাহবাগ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তারা থানা কার্যালয়ে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন।
এছাড়া ঝড়-বৃষ্টির কারণে ধানমন্ডি থানার একটি টহল পিকআপ ভ্যানও নষ্ট হয়ে গেছে বলে জানান আলমগীর হোসেন।
প্রায় একই সময়ে মোহাম্মদপুর থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক নবী হোসেন জানান, প্রায় আড়াই ঘন্টা ধরে থানার ওয়্যারলেস যোগাযোগ বন্ধ রয়েছে। এ কারণে টহল দলগুলোর সঙ্গে বিকল্প উপায়ে ব্যাক্তিগত মোবাইলফোনের মাধ্যমে যোগাযোগ রক্ষার চেষ্টা করা হচ্ছে।
বিদ্যুৎ না আসা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভবনা নেই বলে জানান তিনি।
রাত সাড়ে তিনটার দিকে শাহবাগ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করা হলে কর্তব্যরত টেলিফোন অপারেটর মো. শরীফ জানান, থানাগুলোর সঙ্গে ওয়ারলেসে যোগাযোগে সমস্যা হচ্ছে। তবে জরুরি কাজে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে।
এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে সহকারী পুলিশ কমিশনার (নিয়ন্ত্রণ) এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে বলেন মো. শরীফ। কিন্তু সহকারী কমিশনারের মোবাইল ফোনে (০১৭১৩৩৭৩১১৯) বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ পাওয়া যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএসবি/০৫১৭ ঘ.
bdnews24