২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সংস্কারপন্থীরা কার্যালয়ে ঢুকতে পারায় মইনুল সন্তুষ্ট

বিএনপির কথিত সংস্কারপন্থী নেতা কর্মীরা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, "শুনেছি তারা ঠিকমতোই নিজ কার্যালয়ে গেছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এতে আমি সন্তুষ্ট।" এর আগে সকালে পুলিশের সহায়তায় বিএনপির সংস্কারপন্থী নেতারা দলীয় কার্যালয়ে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2007, 11:38 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-বিএনপির কথিত সংস্কারপন্থী নেতা কর্মীরা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, "শুনেছি তারা ঠিকমতোই নিজ কার্যালয়ে গেছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এতে আমি সন্তুষ্ট।" এর আগে সকালে পুলিশের সহায়তায় বিএনপির সংস্কারপন্থী নেতারা দলীয় কার্যালয়ে যান। এ ঘটনায় সরকারের কোনো পক্ষপাত আছে কিনা- তার জবাব এড়িয়ে যান আইন উপদেষ্টা। জরুরি অবস্থার মধ্যে নেতাকর্মীদের মিছিলসহ দলীয় কার্যালয়ে প্রবেশের ঘটনায় আইন লঙ্ঘন কিনা- এমন প্রশ্নের জবাবে মইনুল হোসেন অবশ্য বলেন, "কিছু কিছু বিষয়ে ছাড় দিতে হয়। আমরা তো জরুরি অবস্থা তুলে নিতে চাই। পরিস্থিতি স্বাভাবিক হলেই সরকার জরুরি অবস্থা তুলে নেবে।" উপদেষ্টা জানান, বুধবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সম্পর্কিত উচ্চপর্যায়ের কমিটির বৈঠক হয়েছে। সেখানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দেশের কোথাও কোথায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতির কথা স্বীকার করে তিনি বলেন, "সার্বিকভাবে পরিস্থিতি ভাল রয়েছে। এতে সরকার সন্তুষ্ট।" সার সঙ্কট প্রসঙ্গে তিনি বলেন, "সরকার সার পরিস্থিতি অত্যন্ত সতকর্তার সঙ্গে দেখছে। দেশে সারের পর্যাপ্ত মজুদ থাকার পরও সঙ্কট হওয়ার কথা নয়। মূলত ডিলারদের কারণে এ অবস্থার সৃষ্টি হচ্ছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/জিএনএ/১৭২৫ ঘ.