কক্সবাজার, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সেন্টমার্টিন উপকূল থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ বাংলাদেশি ১৬ জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সীমান্ত রক্ষীরা (নাসাকা বাহিনী) । সোমবার বিকেলে বাংলাদেশের সমুদ্রসীমায় মাছ ধরার সময় এদের অপহরণ করা হয়। পরে তিন জেলেকে ছেড়ে দেয়।
স্থানীয় মাঝিমাল্লারা সাংবাদিকদের জানায়, সেন্টমার্টিন দ্বীপের কাছে বাংলাদেশের সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে নাসাকা বাহিনী। তারা টেকনাফের শাহপরীর ইউনিয়নের দক্ষিণ পাড়ার আমান উল্লাহ ও জাফর আলমের মালিকানাধীন দুটি ফিশিং ট্রলার ও ট্রলারের ১৬ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
ছেড়ে দেওয়া তিন জেলে আলী আহমদ, আবদুস শুক্কুর ও রহমত উল্লাহ টেকনাফ ফিরে স্থানীয়দের জানায়, অপর মাঝি-মাল্লা ও ফিশিং ট্রলার দুটির বিনিময়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে নাসাকা সদস্যরা।
এ বিষয় নিয়ে যোগাযোগ করা হলে ২৩ রাইফেল ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর আজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, বাংলাদেশ সীমান্ত থেকে মাছ ধরার দুটি ট্রলার ও মাঝি-মাল্লা অপহরণের কথা তারা শুনেছেন। তবে ঘটনাটি সেন্টমার্টিন এলাকায় হওয়ায় এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু জানে না।
বিডিআর ঘটনাটি জানার জন্য মঙ্গলবার সকালে ওই ট্রলার মালিকদের খবর দিয়েছে।
টেকনাফ থেকে একজন সংবাদকর্মী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সহকর্মীদের মুক্তির জন্য টেকনাফে ফিরে আসা মাঝি-মাল্লারা মঙ্গলবার দুপুরে বাংলাদেশি মুদ্রায় দুই লাখ টাকা নিয়ে মিয়ানমার গেছেন। বিকাল পর্যন্ত তারা ফিরে আসেননি।
এদিকে, বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুকাইয়া গ্রামের সীমান্ত এলাকা থেকে সোমবার রাতে মিয়নমারের সীমান্তরক্ষীরা পাঁচ কাঠুরিয়াকে ধরে নিয়ে গেছে।
এরা হলেন- লুৎফর রহমান (২৫), আশরাফ আলী (১৮), আতাউর রহমান (১৫), রফিক উদ্দিন (১৬) ও মফিজ উদ্দিন (১৪)। এদের মধ্যে প্রথম তিনজন নাজিউর রহমানের এবং পরের দুইজন বদিউর রহমানের ছেলে।
জানা যায়, সোমবার রাত তিনটার দিকে ৮৬ নম্বর সীমান্ত পিলারের কাছে বাঁশ কাটতে গেলে নাসাকা বাহিনীর সদস্যরা এদের ধরে নিয়ে যায়। এখনও তাদের উদ্ধার করা যায়নি।
৪০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতিকুল ইসলাম জানান, অপহৃত বাংলাদেশিদের ফেরত দেওয়ার অনুরোধ জানিয়ে নাসাকা বাহিনীকে চিঠি দেওয়া হয়েছে। এখনও চিঠির উত্তর আসেনি।
তিনি আরও জানান, অপহৃতদের কোনো আত্মীয় তাদের এ সংবাদ দেয়নি। এলাকাবসীর কাছে শুনেই তারা এ উদ্যোগ নিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/ডিডি/এমআই/এমএসবি/২৩১৫ ঘ.
bdnews24