ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাবনা, মুন্সীগঞ্জ ও ঝিনাইদহে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রসহ চার ব্যক্তি নিহত এবং ২৭ জন আহত হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম পাবনা প্রতিনিধি জানান, সকাল ১০টার দিকে পাবনা-ঈশ্বরদী সড়কের কালিকাপুর এলাকায় বাসচাপায় আনোয়ার হোসেন ও রুস্তম আলী নামে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়। এ সময় চালক দ্রুতবেগে বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে ১৫ বাসযাত্রীও আহত হয়।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবের চরে বাসের মুখোমুখি সংঘর্ষে ফারুক (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত আরও ১০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সকালে ঝিনাইদহ- চুয়াডাঙ্গা সড়কে টিভি স্টেশনের কাছে বাস চাপা পড়ে ওয়াজির আলি হাইস্কুলের এক ছাত্র নিহত হয়েছে বলে জানিয়েছে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ঝিনাইদহ প্রতিনিধি।
ঝিনাইদহ সদর থানার দায়িত্বরত কর্মকর্তা রবিউল ইসলামের বরাত দিয়ে তিনি জানান, নিহত ছাত্রের নাম জনি পারভেজ (১৪)। জনি তার এক বন্ধুকে নিয়ে নিয়ে রিকশাযোগে ছাগল খামারে যাওয়ার পথে দ্রুতগামী বাস পিছন থেকে ধাক্কা দিলে চালকসহ তারা দুজনই রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই জনি মারা যায়। এ ছাড়া আশংকাজনক অবস্থায় তার বন্ধু সাদ্দাম ও রিকশা চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৬৫৪ ঘ.
bdnews24