২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণ সচেতন হলে পরিস্থিতির অবনতি ঘটতো না : প্রধান উপদেষ্টা

আইন ও বিচার ব্যবস্থা সম্পর্কে সাধারণ জনগণ আরও অবগত হলে পরিস্থিতির হয়তো এতো অবনতি ঘটতো না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। সোমবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁও এ বাংলাদেশে প্রণীত আইনগুলোর সংকলন 'বাংলাদেশ কোড' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 02:18 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আইন ও বিচার ব্যবস্থা সম্পর্কে সাধারণ জনগণ আরও অবগত হলে পরিস্থিতির হয়তো এতো অবনতি ঘটতো না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। সোমবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁও এ বাংলাদেশে প্রণীত আইনগুলোর সংকলন 'বাংলাদেশ কোড' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, "আইন ও বিচার ব্যবস্থা সম্পর্কে সাধারণ জনগণ আরও ওয়াকিবহাল হলে পরিস্থিতির হয়তো এতো অবনতি ঘটতো না। তাই আইন বিষয়ে গণমানুষ ও পেশাজীবীদের সচেতনতা বাড়ানোর মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় 'বাংলাদেশ কোড' এর মতো প্রকাশনার নিঃসন্দেহে গুরুত্ব ও তাৎপর্য রয়েছে।" তিনি জানান, ২০০৭ এর এই সংস্করণে ৩৮টি খণ্ডে বাংলাদেশ কোড এর মোট ৯৫৬টি আইন সংকলিত হয়েছে। এতে ১৮৩৬ সাল থেকে ২০০৭ সালের জানুয়ারি পর্যন্ত প্রণীত এবং বর্তমানে কার্যকর আইনগুলো হালনাগাদ অবস্থায় উপস্থাপিত হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, "যে কোনো রাষ্ট্রের আইনি ব্যবস্থার মূল উদ্দেশ্য হল ন্যায় বিচার ও মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে সুশাসন ও সুবিচার নিশ্চিত করা। দেশের প্রচলিত আইনগুলো মুদ্রিত আকারে নাগরিকদের কাছে সহজলভ্য না করা গেলে এই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়ে। বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে চলেছে।" তিনি বলেন, "বাংলাদেশের প্রচলিত আইনগুলো সমন্বিত কোড আকারে সহজলভ্য না হওয়ায় বিচারক, আইনজীবী ও সর্বোপরি সাধারণ নাগরিকরা বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতেন। তাদের অনেক সময় সংশোধিত আইনগুলোর সর্বশেষ অবস্থান নিরূপণে বিভ্রান্তিতে পড়তে হতো।" প্রধান উপদেষ্টা বলেন, "বাংলাদেশ সরকারের রুলস অব বিজনেস অনুযায়ী বাংলাদেশে প্রচলিত আইনগুলোর সংকলন, সংহতকরণ, অভিযোজন, প্রকাশনা ও সংশোধনের দায়িত্ব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপর ন্যস্ত। কিন্তু যথাযথ প্রাতিষ্ঠানিক উদ্যোগ ও লোকবলের অভাবে বিগত দিনগুলোতে 'বাংলাদেশ কোড' হালনাগাদ সংকলন ও প্রকাশনার কাজ বাস্তবায়িত হয়নি। স্বাধীনতা পরবর্তী কালে ১৯৭৭ সালে সর্বপ্রথম 'বাংলাদেশ কোড' এর প্রকাশনার কাজ শুরু হয়। ১৯৮৮ সাল পর্যন্ত ১১টি খণ্ডে ১৮৩৬ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত আইনগুলো অন্তর্ভুক্ত করে 'বাংলাদেশ কোড' প্রকাশিত হয়েছিল। এই প্রেক্ষাপটে ২০০২ সালে আইন মন্ত্রণালয় সম্পূর্ণ বাংলাদেশ কোড প্রকাশের বিশেষ উদ্যোগ নেয়।" তিনি বলেন, 'বাংলাদেশ কোড' এর পাশাপাশি প্রচলিত আইনগুলো ওয়েব সাইটে প্রকাশকেও আমি স্বাগত জানাই। ওয়েব সাইটে যে কোনো আইন ও বিধি বিধান খুঁেজ পাওয়ার সুবিধার্থে বিষয়-ভিত্তিক সার্চ ইঞ্জিনও রাখতে হবে। তাছাড়া বাংলাদেশ কোডের পাণ্ডুলিপি সিডি ও ডিভিডি'র মাধ্যমে প্রকাশের উদ্যোগও নেওয়া যেতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, "আইন মন্ত্রণালয়কে বাংলায় প্রণীত আইনগুলোকে ইংরেজিতে ও ইংরেজিতে প্রণীত আইনকে বাংলায় ভাষান্তরের উদ্যোগ নিতে হবে।" তিনি বলেন, "বাংলাদেশ কোড প্রকাশের মাধ্যমে প্রচলিত মূল আইনগুলো সংকলনের কাজ সম্পন্ন হলেও আইন পেশায় বহুল ব্যবহৃত অধস্তন আইন বা সাবঅর্ডিনেট লেজিসলেশন, অন্যান্য প্রাসঙ্গিক বিধি-বিধান সংকলনের কাজ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। আইন সচিবের সঙ্গে এ বিষয়ে আমার আলাপ হয়েছে। কাজটি দ্রুত সম্পাদনের জন্য পদক্ষেপ নিতে হবে।" প্রধান উপদেষ্টা বলেন, "বাংলাদেশে বিদ্যামান আইনগুলোর অনেকগুলোই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অপ্রাসঙ্গিক ও অসামঞ্জস্য হয়ে পড়েছে। এসব আইন যুগোপযোগী করে তোলাও এখন সময়ের দাবি। এ বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে উদ্যোগী ও তৎপর হতে হবে।" অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন, বিচার ও সংসদ বিষয়ত উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এমএআর/এমএ/২০১৫ ঘ.