২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের দাম শিগগিরই বাড়ছে না

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও সরকার এখনও দেশের বাজারে তেলের দাম বৃদ্ধি করার কোনো সিদ্ধান্ত নেয়নি। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 09:41 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও সরকার এখনও দেশের বাজারে তেলের দাম বৃদ্ধি করার কোনো সিদ্ধান্ত নেয়নি। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। উপদেষ্টা বলেন, সরকারকে বিদেশ থেকে প্রতি ব্যারেল জ্বালানি তেল ১১০ মার্কিন ডলারের বেশী দিয়ে কিনতে হচ্ছে। এ অবস্থায় সরকার যদি তেলের দাম না বাড়ায়, তাহলে পেট্রোলিয়াম করপোরেশনকে ভর্তুকি দিতে হবে পাঁচ হাজার কোটি টাকা। তবে তেলের দাম বৃদ্ধির এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আশে - পাশের দেশে তেলের দাম বেড়েছে, এ কথা জানিয়ে তপন চৌধুরী বলেন, "একদিকে দেশের বাজারে জিনিস - পত্রের দাম উর্ধ্বমুখি, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে; এটি উদ্বেগের বিষয়। কিন্তু জ্বালানি তেলের দাম স্থির রাখতে এ ভাবে সরকারি ভর্তুকি দেওয়া অসম্ভব।" মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে উত্তোলিত পাথর নিশ্চিত করার বিষয়ে অনুষ্ঠিত ওই আন্তঃমন্ত্রণালয় সভায় ব্যবসায়ীরা বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে উত্তোলিত পাথর বাজারজাত করার প্রস্তাব দেন বলে তিনি জানান। উপদেষ্টা বলেন, "এটি আমরা বিবেচনা করবো।" তিনি আরও জানান, এখন প্রায় এক লাখ ৬০ হাজার টন উত্তোলিত পাথর জমা হয়ে আছে। প্রতি বছর বর্ষা মৌসুমে ছয় লাখ টন ও শুকনো মৌসুমে আড়াই লাখ টন পাথর আমদানী করতে হয়। কিন্তু দেশে উত্তোলিত পাথর সঠিকভাবে বাজারজাত হয় না। এর আগে উত্তোলিত পাথর ব্যবহার করার জন্য রেলওয়ে, সড়ক ও জনপথ বিভাগসহ সরকারির বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে প্রস্তাব দেওয়া হলে রেল কর্তৃপক্ষ ছাড়া কেউ এতে সাড়া দেয়নি বলেও উপদেষ্টা জানান। আন্তঃমন্ত্রণালয়ের সভায় জ্বালানি সচিব মোহাম্মাদ মহসিন, পেট্রোবাংলা চেয়ারম্যান জালাল আহমেদ, মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক একিউএম সেলিম, পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল আহাদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/বিআর/এমএ/১৫০০ ঘ.