গাজীপুর, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টঙ্গী রেলওয়ে জংশনের কাছে লেভেল ক্রসিংয়ের ওপর উঠে পড়া একটি ট্রাক চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে রাস্তার ছিটকে পড়ে। একই সঙ্গে ট্রেনটিরও দুটি বগি লাইনচ্যুত হয়ে পাশে পড়ে যায়। এতে ট্রেনের প্রায় একশ যাত্রী আহত হন। রোববার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের টঙ্গী সদর হাসপাতাল, আশপাশের ক্লিনিক ও উত্তরায় নিয়ে যাওয়া হয়। ট্রাকের চালক ও হেল্পারের হদিশ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ট্রেনটি আঘাত করার আগমুহূর্তে তারা ট্রাকটি থেকে লাফিয়ে নেমে পালিয়ে যায়।
গাজীপুরের ধীরাশ্রম রেল স্টেশন মাস্টার মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের সকল ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। ট্রেনের বাকি বগিগুলো লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকার কারণে কালীগঞ্জ-ঢাকা সড়ক যোগাযোগও বন্ধ থাকে।
রাত সোয়া এগারটার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, কালীগঞ্জ থেকে ঢাকাগামী ট্রাকটি রেলগেটের সিগন্যাল বার এড়িয়ে ডানপাশ দিয়ে লেভেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে। রাত সোয়া এগারটার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কমলাপুর থেকে নোয়াখালীগামী 'নোয়খালী এক্সপ্রেস' ট্রেনটি রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকটি রেলগেটের সিগন্যাল বার এড়িয়ে ডানপাশ দিয়ে লেভেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি রাস্তার পাশে ছিটকে পড়ে। প্রায় সঙ্গে সঙ্গে ট্রেনের ইঞ্জিনের পেছনের দুটি বগিও লাইনচ্যুত হয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ দুটি বগির মধ্যে একটি ছিল যাত্রীবাহী এবং অপরটি ডাকবাহী। যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার কাজে এগিয়ে আসে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০১৩৪ ঘ.
bdnews24