মারুফ মল্লিক
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নারী পাচারের ধরন বদলে গেছে। পাচারকারীরা এখন অরো বেশি সংঘবদ্ধ, আরো বেশি কৌশলি। তারা নারী শ্রমিকদের বিদেশ পাঠানোর নাম করে বাধ্য করছে দেহ ব্যবসায়। নারী পাচার বিষয়ক এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।
নেদারল্যান্ড ভিত্তিক টিডিএইচ এর আর্থিক সহযোগিতায় গবেষক মহিউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে নারী ও শিশু পাচারের বিষয়ে গবেষণা করে আসছেন। তিনি বলেন, "কেবল গণমাধ্যমে খবর হলেই পাচারের বিষয়টি আলোচনায় আসে। ইদানিং বিদেশে পাচারের পাশাপাশি দেশেও অভ্যন্তরীণভাবে পাচারের ঘটনা অনেক বেড়েছে। পাচার হয়ে যাওয়া বেশির ভাগ নারীকে বিভিন্ন আবাসিক হোটেলে কিংবা ভাসমান পতিতাবৃত্তিতে বাধ্য করা হচ্ছে।"
বেসরকারি সংস্থা 'কেয়ার বাংলাদেশ' এর এক হিসাবে, বর্তমানে দেশে এক লাখেরও বেশি নারী যৌনকর্মী হিসেবে কাজ করছে অথবা বাধ্য হচ্ছে। এদের বেশির ভাগই জীবনের কোনো এক সময় পাচারকারীদের খপ্পরে পড়ে এ পেশায় আসতে বাধ্য হয়েছে।
তবে প্রতিবছর কতজন নারী ও শিশু পাচার হয়ে যাচ্ছে তার কোনো সঠিক হিসাব অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠানের হাতে নেই বলে দাবি গবেষক মহিউদ্দিন আহমেদের।
তার হিসেবে, দেশ থেকে বছরে ১০ থেকে ২০ হাজার নারী ও শিশু ভারত, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার হয়ে যায়। এদের যৌনকর্মী হিসেবে, গৃহস্থালীর কাজে কিংবা উটের জকি হিসেবে ব্যবহার করা হয়। পাচার হওয়ার পর কারো কারো শরীর থেকে কিডনির মতো স্থানান্তরযোগ্য অঙ্গও কেটে রাখা হয়।
আইএলও ও ইউনিসেফের হিসাব অনুযায়ী, দেশে ১০ হাজারেরও বেশি শিশু যৌনকর্মী হিসেবে কাজ করছে। এদের মধ্যে মাত্র দশ ভাগ স্বেচ্ছায় এ পেশায় এসেছে। বাকিদের বাধ্য করা হয়েছে বা বিক্রি করা হয়েছে। এসব শিশুর গড় বয়স ১৬ বছর।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন পাচারের ধরন বদলে গেছে। ঘরের কাজের কথা বলে প্রলোভন দেখিয়ে নারী ও শিশুদের বিদেশ নিয়ে যাওয়া হচ্ছে। অভিবাসনের নামেও পাচার হচ্ছে অনেকে। আর এদের বেশিরভাগকেই পতিতাবৃত্তিতে নামতে বাধ্য করা হচ্ছে। পাচার ঠেকাতে আমরা যতই সংগঠিত হই না কেন, পাচারকারীরা আরও সংগঠিত হচ্ছে।"
তিনি আরও বলেন, "নারী ও শিশু নির্যাতন আইনে পাচারকারীর শাস্তির বিধান রয়েছে। কিন্তু আইনে পাচারের সংজ্ঞা আরও সুনির্দিষ্ট করা দরকার; না হলে মামলা করতে সমস্যা হয়। তাছাড়া দণ্ডবিধিতে পাচার বিষয়ে জাতিসংঘের সংজ্ঞা যুক্ত করা উচিত।"
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাচার বিরোধী কর্মকাণ্ডের অগ্রগতি বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৪ সালের ১৫ জুন থেকে চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত পাচার হওয়া ৬৩৬ জন নারী পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়েছে। এদের সবাইকে পুনর্বাসিত করা হয়েছে।
ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত ৪ হাজার ১৭০ জনকে পাচার হওয়ার সময় উদ্ধার করা হয়েছে। এর মধ্যে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকেই উদ্ধার করা হয়েছে ৩ হাজার ৮৮৮ জনকে। এছাড়া সিলেট বিমান বন্দর থেকে ১২০ জন, চট্টগ্রাম বিমান বন্দর থেকে ৮৮ জন, বেনাপোল স্থল বন্দর থেকে ৪৮ জন এবং হিলি স্থল বন্দর থেকে ২৬ জনকে উদ্ধার করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নারী ও শিশু পাচার প্রতিরোধ বিষয়ক কান্ট্রি রিপোর্টে বলা হয়েছে, বিভিন্ন স্থানে পাচারের সময় যাদের উদ্ধার করা হয়েছে তাদের ৪৯ ভাগই নারী, আর ৪২ ভাগ শিশু। পুরুষ পাচারের হার ৯ ভাগ বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
নারী ও শিশু পাচার বিষয়ক সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয় কমিটির সদস্য সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব শেখ আবদুর রউফ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার পাচার রোধে কাজ করছে। আন্তমন্ত্রণালয়ের একটি কমিটি এ ব্যাপারে সক্রিয় আছে।"
তারপরও প্রতি বছর বিপুল সংখ্যক নারী ও শিশু পাচার হওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, "আমাদের প্রতিবেশী দেশে এখনো অনেকেই পাচার হয়ে যাচ্ছে। আর মধ্যপ্রাচ্যে পাচার করা হচ্ছে শ্রমিক পাঠানোর নাম করে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/জেকে/এমএ/১৮১০ ঘ.
bdnews24