ঠাকুরগাঁও, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সাপের খামারি তোতা মিয়ার রেখে যাওয়া ছয় শতাধিক সাপের মধ্যে প্রায় তিনশ সাপের বাচ্চা মারা গেছে।
এদিকে দুই সদস্যের একটি সর্প বিশেষজ্ঞ দল বুধবার তোতা মিয়ার খামারের সাপের প্রজাতিসহ অন্যান্য বিষয় পরীক্ষা করেছেন।
ডাঙ্গীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, শুক্রবার তোতা মিয়াকে সাপ দংশন করার পর থেকে সাপ বা সাপের বাচ্চাকে খাওয়ানো হয়নি। খেতে না পেয়ে গত পাঁচ দিনে প্রায় তিনশ বাচ্চা মারা গেছে। এগুলিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। সমস্ত সাপ আপাতত তোতা মিয়ার বাড়ির একটি কক্ষে রাখা হয়েছে। ঘরের দরজার তালা দিয়ে বাইরে আনসার সদস্য দিয়ে পাহারার ব্যবস্থা করা হয়েছে।
গত সোমবার দুপুরে তোতা মিয়ার দাফন শেষে সাপগুলো ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান মুনিরুজ্জামানের জিম্মায় দেয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ শাফায়েত হোসেন জানান, ঢাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষ সাপগুলো নিতে অনাগ্রহী হওয়ায় পরিবেশ ও বন মন্ত্রনালয়কে এ ব্যাপারে জরুরি বার্তা পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে আবু সাঈদ ও শওকত আলী নামে দু'সদস্যের সর্প বিশেষজ্ঞ দল বুধবার সকাল থেকে হরিপুর উপজেলার চৌরঙ্গীতে তোতা মিয়ার খামারে নানা বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকালে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেন।
বিশেষজ্ঞ আবু সাইদ জানান, কোন সাপটি তোতা মিয়াকে দংশন করেছে তা নিশ্চিত হওয়া গেছে এবং এই খামারে কত প্রজাতির সাপ রয়েছে সে তথ্যও পাওয়া গেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাননি বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদ্বয় জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তোতা মিয়াকে যে ইনজেকশন দেয়া হয় সেটাও তারা পরীক্ষা করবেন। এর পর রংপুর ও ঠাকুরগাঁও বন বিভাগের কর্মকর্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ইশতিয়াক আহমেদ, ফরিদ আহমেদ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞদের সভায় পরবর্তী সিন্ধান্ত নেওয়া হবে।
জেলা প্রশাসক জানান, বিষধর সাপগুলির একটা ব্যবস্থা করা না হলে এগুলো মেরে ফেলা ছাড়া উপায় নেই।
সাপের খামারি তোতা মিয়া ২ অক্টোবর দর্শনার্থীদের সাপের খেলা দেখানোর সময় গোখরার দংশনে অসুস্থ হয়ে পড়ে। দুদিন পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৭৩৬ ঘ.
bdnews24