চট্টগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাউজান উপজেলার মুন্সির হাটা বাজারে মঙ্গলবার রাতে আগুনে একটি চালের গুদাম, একটি চালের কলসহ চারটি দোকান ও ১৪টি ঘর পুড়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
দমকল বাহিনী জানায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে মুন্সিরহাটা বাজারে একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে একটি চালের গুদাম, একটি চালের কল, একটি আসবাবপত্রের দোকান ও একটি মুদি দোকান এবং বাজার সংলগ্ন ১৪টি ঘর পুড়ে যায়।
হাটহাজারী ফায়ার স্টেশনের দুটি গাড়ি গিয়ে রাত পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দা মো. রমজান জানান, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে আগ্রাবাদে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মচারী বিশু দাস জানান, আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, একই রাাতে নগরীর ষোলশহর শপিং কমপ্লেক্সের পাশে একটি দর্জির দোকানে আগুন লাগে। আগুনে নিলয় নামে টেইলার্সটি পুড়ে যায়। রাত পৌনে ৩টার দিকে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১২৩২ ঘ.
bdnews24