ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - গুলশানের একটি বাড়িতে অভিযান চালিয়ে সোমবার ২০০টি ইয়াবা বড়ি এবং ফেন্সিডিল ও পর্ণো সিডি উদ্ধার করেছে র্যাব।
ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে রোববার গ্রেপ্তার করা শফিকুল ইসলাম জুয়েলের দেওয়া তথ্য অনুযায়ী তার বোনের গুলশান এক নম্বরের বাসায় অভিযান চালায় র্যাব-১ এর একটি দল। তারা জুয়েলের ব্যবহার করা নিবন্ধনবিহীন একটি স্পোর্টস কারও জব্দ করেছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব-১ এর কর্মকর্তা ক্যাপ্টেন মাহবুবুল হায়দার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জুয়েলের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার ভোররাতে গুলশান এক নাম্বারের ১২৯ বাসায় অভিযান চালানো হয়। নিকেতনের এ বাসাটি জুয়েলের বোনের। র্যাব সদস্যরা বাসায় তল্লাশি চালিয়ে ২০০টি ইয়াবা বড়ি, ১০ বোতল ফেন্সিডিল, শতাধিক পর্ণো সিডি উদ্ধার করে।
তিনি জানান, ওই বাসা থেকে একটি স্পোটর্স কার (টয়োটা এমআর-২) জব্দ করা হয়েছে। জুয়েল গাড়িটি ব্যবহার করতেন এবং এর নিবন্ধনপত্র নেই।
গ্রেপ্তার হওয়া ইয়াবা ব্যবসায়ী আমিন হুদার দেওয়া তথ্য অনুযায়ী জুয়েলকে গ্রেপ্তার করা হয়। গত সপ্তাহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তার উত্তরার বাসা থেকে বেশকিছু ইয়াবা বড়ি উদ্ধার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএসবি/এমএইচবি/০২০২ ঘ.
bdnews24