ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অঘোষিত আয়ের ওপর কর নিতে এনবিআরকে নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টে রিট আবেদন করেছেন খালেদা জিয়া। তার পক্ষে আইনজীবী শামসুর রহমান শিমুল বিশ্বাস সোমবার বিচারপতি আব্দুর রশিদ ও বিচারপতি মিফতাহ উদ্দিন আহম্মেদ চৌধুরীর বেঞ্চে রিটটি দায়ের করেন। মঙ্গলবার এই আবেদনের ওপর শুনানি হতে পারে।
আবেদনে বলা হয়েছে, গত ২৬ সেপ্টেম্বর খালেদা জিয়া ২০০৭-২০০৮ অর্থবছরের আয়কর রিটার্ন দেওয়ার সময় ২০০৪-২০০৫ সালের কিছু অঘোষিত অর্থের জন্য আয়কর দেন। বাড়িভাড়া বাবদে পাওয়া ৩৬ লাখ টাকার জন্য এনবিআরকে ৯ লাখ ৪৫ হাজার টাকা কর দেন তিনি।
কিন্তু এনবিআর ৮ অক্টোবর এক চিঠিতে ওই কর নিতে অস্বীকৃতি জানায় বলে রিট আবেদনে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, ৪ জুন এনবিআর এক বিজ্ঞপ্তিতে বলেছিল, অঘোষিত আয়ের ওপর অতিরিক্ত ৫ শতাংশ কর দিয়ে রিটার্ন জমা দিলে ওই আয় বৈধ করা যাবে। সেই সুযোগের আওতায় সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানসহ অনেকেই অঘোষিত আয়ের জন্য কর দিয়েছেন। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী খালেদা জিয়া নিজেও এক কোটি টাকার অঘোষিত আয়ের জন্য কর দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২২৪৮ ঘ.
bdnews24