ঠাকুরগাঁও, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের সাপের খামারি তোতা মিয়া মারা যাওয়ার পর তার খামারের ছয় শতাধিক সাপ নিয়ে বিপাকে পড়েছে পরিবার ও এলাকাবাসী। এ বিষয়ে করণীয় ঠিক করতে বনবিভাগের সঙ্গে কথা বলেছে জেলা প্রশাসন ।
এদিকে, সোমবার দুপুরে হরিপুর উপজেলার চৌরঙ্গীবাজার সংলগ্ন স্কুল মাঠে তোতা মিয়ার জানাজা শেষে বাড়ির সামনে তাকে দাফন করা হয়েছে। জানাজায় জেলা প্রশাসকসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলার ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান মুনিরুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সাপগুলো আপাতত ইউনিয়ন পরিষদের একটি কক্ষে হাড়ির মধ্যে রাখা হবে। আশপাশের সাপুড়েদের সহযোগিতা নিয়ে এগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন তারা।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শাফায়েত হোসেন বলেন, "সাপ ও বাচ্চাগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ঢাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষ এগুলো নিতে আগ্রহী নয়। এখন বন বিভাগের সঙ্গে কথা চলছে।"
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সাপের খামারি তোতা মিয়া ২ অক্টোবর দুপুরে দর্শনার্থীদের কয়েকটি গোখরো সাপের খেলা দেখানোর সময় একটি সাপ তার ডান হাতে ছোবল মারে। এরপর আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেলে নিয়ে আসা হয়। দুদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৪ অক্টোবর সন্ধ্যায় তিনি মারা যান।
তোতা মিয়ার স্ত্রী জোছনা বেগম জানান, তার স্বামী প্রায় ১০ বছর আগে চৌরঙ্গী বাজারে নিজের বাড়িতে সাপের খামার গড়ে তোলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৩৮ ঘ.
bdnews24