ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন ১১ জনের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে মঙ্গলবার নোটিশ পাঠানো শুরু করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা সোমবার রাতে এ তথ্য জানান।
এদিকে সোমবার বিকেলে কমিশনের নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিং-এ দুদকের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবালও সাংবাদিকদের বলেন, "সন্দেহভাজন ৩৫ জনের তালিকার ১১ জনের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শেষ হয়েছে।"
মঙ্গলবার যে ১১ জনের সম্পত্তির হিসাব চাওয়ার কথা তারা হলেন, বিএনপির নেতা ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, বিআরটিসির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংসদ এ কে এম রহমত উল্লাহ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিচারপতি ফজলুল হক, বিএনপির সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত মেজর কামরুল ইসলাম, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছোট ছেলে শফিউর রহমান বাবু, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারি একান্ত সচিব শামসুল আলম, সাবেক যোগাযোগ সচিব রেজাউল হায়াত ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ইমারত শাখার পরিদর্শক আমীর খসরু।
গত ৪ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের সচিব মোখলেস-উর রহমান এক সংবাদ সম্মেলনে ৩৫ জনের একটি তালিকা দিয়ে বলেছিলেন, কমিশন প্রাথমিক অনুসন্ধানের পর এদের কাছে সম্পদের বিবরণ চাইবে। এরপর অসঙ্গতি পাওয়া গেলে কমিশন আইনানুগ ব্যবস্থা নেবে বলে তিনি সেসময় জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২১৩১ঘ.
bdnews24