২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রাষ্ট্র ও জনগণের ক্ষতি হয় এমন কোনো কাজ করবে না দুদক'

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল বলেছেন, আইনের বরখেলাপ কিংবা 'রাষ্ট্র ও জনগণের ক্ষতি হয়' এমন কোনো কাজ করবে না দুদক। আইনের মধ্যেই সংস্থাটি দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 02:19 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল বলেছেন, আইনের বরখেলাপ কিংবা 'রাষ্ট্র ও জনগণের ক্ষতি হয়' এমন কোনো কাজ করবে না দুদক। আইনের মধ্যেই সংস্থাটি দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চায়। সোমবার কমিশনের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক (প্রশাসন) এসব কথা বলেন। গ্যাটকো দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা সাবেক ৮ জন মন্ত্রী ও ৭ জন সচিবকে আসামি করার সুপারিশ করেছেন বলে যে খবর সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তা সঠিক কি না - এমন প্রশ্নের জবাবে হানিফ ইকবাল বলেন, "সুপারিশ শব্দের সঙ্গে আমি পরিচিত নই। আর তদন্তাধীন কোনো বিষয়ে আমি মন্তব্যও করতে চাইনা। তবে এটুকু বলতে পারি, সবকিছু আইনী প্রক্রিয়ার মধ্যে হচ্ছে। সময় হলেই এ সম্পর্কে সব জানতে পারবেন।" সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কমিশনের আইন লংঘন করা হয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে, সে প্রসঙ্গে তিনি বলেন, "এটা আমার সঠিক জানা নেই। তবে কাজ করার ক্ষেত্রে কিছু কিছু ভুল হতেই পারে। অনেক সময় এধরণের অভিযোগের সত্যতা পাওয়া যায় না।" কর্নেল হানিফ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারপারসন ড. হিউজেট লেবেলের সঙ্গে দুদক কর্মকর্তাদের মতবিনিময়, কমিশনের কার্যক্রম, তদন্ত কর্মকর্তাদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন। কমিশনের উপ-পরিচালক র্পযায়ের সব কর্মকর্তার একযোগে বদলি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, "এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। সারাদেশে দুর্নীতিবিরোধী কার্যক্রমকে গতিশীল করতে হলে বদলি করতেই হবে। তাছাড়া কেউ কেউ বছরের পর বছর ঢাকায় চাকরি করবেন এটাও ঠিক নয়।" তিনি সাংবাদিকদের জানান, কমিশনের চেয়ারম্যান দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে চলতি মাস থেকেই বরিশাল, ফরিদপুর,শরিয়তপুরসহ বিভিন্ন জেলা সফর করবেন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দায়ের করা মামলা উচ্চ আদালতে গিয়ে কমিশনের বিপক্ষে যাচ্ছে- এমন বক্তব্যের উত্তরে হানিফ ইকবাল বলেন, "আমরা কারো প্রতিপক্ষ নই, দুদক মানে জনগণ। তবে আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। সেখানে যে রায় হচ্ছে, সেটাই সঠিক বলে আমরা মনে করি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২০০৮ঘ.