রংপুর, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গোখরা সাপের কামড়ের দুদিন পর রোববার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দেশের একমাত্র সর্প খামারি তোতা মিয়া।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সাপের খামারি তোতা মিয়া শুক্রবার দুপুরে দর্শনার্থীদের কয়েকটি গোখরো সাপের খেলা দেখানোর সময় একটি সাপ তার ডান হাতে ছোবল মারে। এরপর আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেলে নিয়ে আসা হয়।
হাসপাতালে ভর্তির পর থেকে কৃত্রিম উপায়ে তার শ্বাসকার্য চালানো হচ্ছিল। রোববার সন্ধ্যা ৬টার দিকে মারা যান তোতা মিয়া। হাসপাতালের ওয়ার্ড মাস্টার জীবন বিশ্বাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন।
এর আগে শনিবার রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের ডা. অমরেশ সাহা জানান, তোতা মিয়ার বাঁচার আশা কম। দুটো এন্টিভেনোম ইনজেকশন দেওয়ার পর তিনি একবার চোখ মেলেছিলেন। কিন্তু তারপর আবার অচেতন হয়ে যান। তার নাক-মুখ দিয়ে এখনও ফেনা বের হচ্ছে। রক্ত কাল হয়ে গেছে।
তোতা মিয়ার স্ত্রী জোছনা বেগম জানান, তার স্বামী প্রায় ১০ বছর আগে চৌরঙ্গী বাজারে নিজের বাড়িতে সাপের খামার গড়ে তোলেন। তার খামারে বিভিন্ন জাতের প্রায় দুশ বিষধর সাপ ও কয়েকশ সাপের বাচ্চা রয়েছে।
সাপের খামার গড়ে তুলে তোতা মিয়া সারাদেশে আলোচিত হন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২০২৮ ঘ.
bdnews24