বান্দরবান, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলা ও পৌর এলাকায় ভোটারদের তথ্য সংগ্রহের কাজ শনিবার শেষ হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলা নির্বাচন কার্যালয় জানিয়েছে, বাতিল হওয়া ভোটার তালিকার চেয়ে এবার লোকের সংখ্যা ১৩ হাজার কম। সোমবার থেকে শুরু হচ্ছে ছবি তোলার কাজ। এদিকে বিভিন্ন স্থানে রোহিঙ্গারা নিবন্ধিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান রোববার সাংবাদিকদের জানান, গত ২২ অক্টোবর সদর উপজেলা ও বান্দরবান পৌরসভা এলাকায় তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। শনিবার কাজ শেষে দেখা যায়, এ এলাকায় মোট ৪৩ হাজার ৫৫৮ জন ফরম পূরণ করেছেন। যা গতবারের চেয়ে ১৩ হাজার ২৭২ জন কম। বাতিল হওয়া ভোটার তালিকায় এ সংখ্যা ছিল ৫৬ হাজার ৮৩০।
সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন এবং পৌর এলাকার ইসলামপুর ও লাঙ্গিপাড়ায় বিপুল সংখ্যক রোহিঙ্গা কৌশলে তথ্য ফরম পূরণ করেছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান বলেন, সুয়ালক ইউনিয়নে রোহিঙ্গাদের তথ্য ফরম পূরণ করার বিষয়ে এলাকার লোকজন মৌখিকভাবে অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি জানান, ওই এলাকায় দুই থেকে আড়াইশ রোহিঙ্গা ভোটার হয়েছেন বলে তারা খবর পেয়েছেন। এদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। এছাড়া ইসলামপুর ও লাঙ্গিপাড়ায় রোহিঙ্গা ভোটারদের বিষয়েও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
সোমবার থেকে সদর উপজেলা ও পৌর এলাকার ২১টি কেন্দ্রে ছবি তোলার কাজ শুরু হবে বলে নির্বাচন কার্যালয় জানায়। আগামী ২২ নভেম্বর পর্যন্ত এ কাজ চলবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৬ ঘ.
bdnews24