খুলনা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - খুলনা সিটি করপোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমানের গগনবাবু সড়কের বাড়িতে শনিবার রাতে যৌথবাহিনী তল্লাশি চালিয়ে চার বোতল বিদেশি মদ, ২৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকা, একটি শটগান, শটগানের ২৫ রাউন্ড গুলি, একটি পাইপগান ও একটি ছুরি উদ্ধার করেছে।
খুলনা সদর থানার উপপরিদর্শক এনামুল হক তল্লাশি চলাকালে রাত ২টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়রের বাড়িতে রাত ১২টায় শুরু হওয়া এ তল্লাশি চলাকালে তার স্ত্রী লায়লা রহমান ছাড়াও উপস্থিত ছিলেন কাজের দুই মেয়ে।
তল্লাশি অভিযানে উপস্থিত মেয়রের স্ত্রী শটগানের লাইসেন্স দেখাতে পারেননি বলেও জানান এনামুল হক।
তল্লাশি অভিযানে অংশ নেয় র্যাব, পুলিশ ও সেনাবাহিনী।
খুলনা সদর থানায় দায়ের হওয়া একটি চাঁদাবাজির মামলায় গুলশান থানা পুলিশ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ সম্পাদক তৈয়েবুর রহমানকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে।
শনিবার বিকেলে তাকে খুলনা নেওয়া হয়। বর্তমানে তিনি কোতোয়ালি থানা হেফাজতে আছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০৩৫০ ঘ.
bdnews24