সিলেট, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জিনিসপত্রের বর্ধিত দামের কারণে সাধারণ মানুষের অস্বস্তি রয়েছে বলে মন্তব্য করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তপন চৌধুরী। একইসঙ্গে তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।
শনিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে স্থানীয় ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বাজারদর বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, "সরকার অনেক ভাল কাজ করছে। কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে থাকায় সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছে না। স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ের মাধ্যমে বাজার দর সহনীয় পর্যায়ে রাখতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।"
বর্তমান সরকারের কোনো রাজনৈতিক উচ্চভিলাষ নেই উল্লেখ করে তিনি বলেন, "আমরা জনগণের জন্য কাজ করছি। জনগণের পয়সায় সরকার চলে, তাই তাদের সেবা দিতে হবে।"
বেসরকারি খাতে আরো বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, "প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখছেন। বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুযোগ দেওয়া হলে তারা দেশের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নেও অবদান রাখতে পারবেন।"
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক হারুন-উর-রশীদ খান, সিলেট চেম্বার অব কমার্স এর সভাপতি জুন্নুন মাহমুদ খান, সিলেট ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সাফওয়ান চৌধুরী, পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি সৈয়দ মহসিনুর রশীদ, কয়লা আমদানিকারক সমিতির সাবেক সভাপতি কলমদর আলী প্রমুখ।
এর আগে উপদেষ্টা ফেঞ্চুগঞ্জে যুব উন্নয়ন একাডেমির একটি প্রকল্প ও সিলেটের কুমারগাঁওয়ে একটি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২৩৩ ঘ.
bdnews24