২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া সরকারের ঠিক হবে না: ড. কামাল

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের মূল কাজ হচ্ছে ২০০৮ সালের মধ্যে নির্বাচন করা। এ লক্ষ্য থেকে কোনোভাবেই সরকারকে বিচ্যুত হওয়া যাবে না। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের বর্ধিত সভার সমাপনী অনুষ্ঠানে সরকারের কার্যক্রমের প্রশংসা করে জ্যেষ্ঠ এ আইনজ্ঞ ও রাজনীতিক বলেন, "গণতন্ত্র প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এ সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2007, 03:49 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের মূল কাজ হচ্ছে ২০০৮ সালের মধ্যে নির্বাচন করা। এ লক্ষ্য থেকে কোনোভাবেই সরকারকে বিচ্যুত হওয়া যাবে না। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের বর্ধিত সভার সমাপনী অনুষ্ঠানে সরকারের কার্যক্রমের প্রশংসা করে জ্যেষ্ঠ এ আইনজ্ঞ ও রাজনীতিক বলেন, "গণতন্ত্র প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এ সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।" প্রচলিত রাজনীতির ধারাকে 'রুগ্ন' আখ্যা দিয়ে ড. কামাল বলেন, "ক্ষমতা ধরে রাখতে রাজনীতিবিদরা পয়সা দিয়ে সন্ত্রাসী পুষেছেন। তাদের হাতে তুলে দিয়েছেন অস্ত্র আর ক্ষমতা। শেষ পর্যন্ত এই ধারা উগ্র জঙ্গিবাদে গিয়ে ঠেকেছে। আদালত প্রাঙ্গনে আমাদের লাশের স্তুপ দেখতে হয়েছে। রুগ্ন রাজনীতির কারণে ৩৬ বছরেও মানুষ স্বাধীনতার সুফল পায়নি।" শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে 'রুগ্ন রাজনীতির' প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে গণফোরাম প্রধান বলেন, "শিক্ষকরা জাতির অভিভাবক। তারা রুগ্ন রাজনীতির শিকার হবেন না এটা আমরা আশা করতে পারি।" কোনও সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটক শিক্ষকদের মুক্তি দেওয়া উচিৎ বলে তিনি মন্তব্য করেন। ড. কামাল বলেন, "দ্রব্যমূল্য বৃদ্ধি মানুষকে কষ্ট দিচ্ছে। সরকারের সামনে এটা একটা চ্যালেঞ্জ। সরকারের উচিত এ ব্যাপারে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একটি উপায় খুঁজে বের করা।" তিনি আরও বলেন, "একটি কার্যকর সংসদই পারে জাতিকে সুদিন দেখাতে। বর্তমান সরকার এ লক্ষ্যে কাজ করছে। যারা এতদিন সন্ত্রাস-জঙ্গিবাদে মদদ দিয়েছে, দুর্নীতি করে কালো টাকার মালিক হয়েছে, মনোনয়ন বাণিজ্য করেছে এ সরকারের পদক্ষেপ তাদের খারাপ লাগতেই পারে।" বর্ধিত সভার সমাপনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলনের নেতা গোলাম রাব্বানী ও ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ভোটার তালিকা তৈরির কাজে যোগ না দেওয়া আমিনুল হক ভূঁইয়া গণফোরামে যোগ দেন। সভায় জনগণের ক্ষমতায়ন এবং সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে সংস্কার প্রস্তাব তুলে ধরেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলাম। প্রস্তাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দান, নির্বাচন কমিশনের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত ও নির্বাচনকে কালো টাকার প্রভাবমুক্ত করাকে অগ্রাধিকার দেওয়া, সব প্রার্থীর জন্য সমান ক্ষেত্র প্রস্তুত করা এবং সরকার ও রাজনৈতিক দলের স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। দুদিনব্যাপী অনুষ্ঠিত এ বর্ধিত সভার সমাপনী অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিক, সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য, কমান্ডার আবদুর রউফ, সামসুদ্দোহা, আবদুর রউফ, মফিজুল ইসলাম খান, সি এম মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএসবি/এসকে/২১৪৩ঘ.