২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে টঙ্গীতে চারজন গ্রেপ্তার

ট্রেনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে কমলাপুর রেলওয়ে থানা পুলিশ শনিবার ভোরে টঙ্গী থেকে গামছা পার্টির চার সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা গত ২১ সেপ্টেম্বর টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে ট্রেনের ছাদ থেকে দুজনকে ফেলে দেয় বলে দাবি করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2007, 03:10 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ট্রেনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে কমলাপুর রেলওয়ে থানা পুলিশ শনিবার ভোরে টঙ্গী থেকে গামছা পার্টির চার সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা গত ২১ সেপ্টেম্বর টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে ট্রেনের ছাদ থেকে দুজনকে ফেলে দেয় বলে দাবি করেছে পুলিশ। কমলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, টঙ্গীর মনুনগর মিল গেট বস্তি থেকে এরশাদ (২৩), মোহসীন (২২), জসিম (২২) ও আকাশ (২০) নামে গামছা পার্টির চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা ট্রেনের যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন সেটসহ বিভিন্ন সামগ্রী ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিত। পরে ছিনিয়ে নেওয়া সামগ্রী গামছায় বেঁধে পালিয়ে যেত তারা। মাহবুবুর রহমান জানান, ২১ সেপ্টেম্বর রাতে বনানীতে ট্রেনের ছাদ থেকে সানি ও সোহাগ নামে দুই যুবককে ফেলে দেয় আটককৃতরা। সানি ঘটনাস্থলেই মারা যায়। সোহাগ আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। আটক চারজন ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/২১১০ ঘ.