ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর স্ত্রী ফিরোজা হোসেনকে শনিবার বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
দুপুর সোয়া ১২টায় ফিরোজা হোসেনের মরদেহ ইস্কাটনের বাসা থেকে বায়তুল মোকাররম মসজিদে নিয়ে যাওয়া হয়। সেখানে জোহরের নামাজ শেষে অনুষ্ঠিত জানাজায় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য জিয়াউদ্দীন বাবলুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
জানাজার আগে প্রথানুসারে বক্তব্য রাখেন আমির হোসেন আমু। তিনি স্ত্রীর জন্য দোয়া করতে সবাইকে অনুরোধ করেন। জানাজার পর একটি পিকআপে করে মরদেহ বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়।
এর আগে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আমির হোসেন আমুর ইস্কাটনের বাসায় গিয়ে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বৃহস্পতিবার রাতে মারা যান ফিরোজা হোসেন। দুই বছরেরও বেশি সময় ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর।
শুক্রবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে তার মরদেহ ঢাকায় পৌঁছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/২০২৫ ঘ.
bdnews24