ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফেনী, চুয়াডাঙ্গা, ফরিদপুর, চাঁদপুর ও পঞ্চগড় জেলায় ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ রোববার শুরু হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর ফেনী প্রতিনিধি জানান, প্রথম পর্যায়ে ফেনী পৌরসভায় ভোটার তালিকার কাজ হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ। পরবর্তী সময়ে অন্য এলাকায় কাজ চলবে।
নির্বাচন কর্মকর্তা জানান, পৌরসভার ওয়ার্ডগুলোতে রোববার থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে ১০ নভেম্বর পর্যন্ত চলবে। এর পর শুরু হবে ছবি তোলা ও নিবন্ধনের কাজ।
এদিকে ভোটার তালিকায় নিবন্ধনে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে শুক্রবার জেলা শহরে একটি শোভাযাত্রা বের হয়। এছাড়া প্রশাসন ও নির্বাচন কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন প্রচারমূলক কর্মসূচিও গত কয়েকদিন ধরে চালানো হয়।
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড় পৌরসভা ও সদর উপজেলায় রোববার থেকে ভোটার তালিকার কাজ শুরু হবে। এদিন থেকেই তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু করবেন।
আগামী ১০ নভেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ চলবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান।
তিনি জানান, প্রথমে পৌরসভা এলাকার নয়টি ওয়ার্ডে কাজ চলবে। পরে সদর উপজেলার ১০টি ইউনিয়নে এ কাজ হবে।
১১ নভেম্বর থেকে ছবি তোলা ও নিবন্ধনের কাজ শুরু হবে বলে নির্বাচন কর্মকর্তা জানান।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, পৌর এলাকায় রোববার থেকে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ শুরু হচ্ছে। ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণাও চালানো হয়েছে।
ভোটার তালিকায় নাম নিবন্ধনে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরে শোভাযাত্রা বের হয়।
চাঁদপুর প্রতিনিধি জানান, ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য তথ্য সংগ্রহের কাজ রোববার শুরু হচ্ছে। এ কাজ ১০ নভেম্বর পর্যন্ত চলবে। এর পরই শুরু হবে ছবি তোলার কাজ।
জেলা নির্বাচন কর্মকর্তারা এ তথ্য জানান।
ভোটার তালিকায় নিবন্ধনে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে বিভিন্ন প্রচারধর্মী কর্মসূচি পালিত হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি জানান, জেলায় রোববার থেকে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ শুরু হচ্ছে। এ উপলক্ষে শনিবার একটি শোভাযাত্রা বের হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল বারী জানান, পৌরসভাসহ ১১টি উপজেলায় একযোগে ৪ নভেম্বর থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে ১০ নভেম্বর পর্যন্ত চলবে। এর পর শুরু হবে নিবন্ধন ও ছবি তোলার কাজ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮৩৫ ঘ.
bdnews24