ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মিরপুর ১০ নম্বরের ঝুটপট্টি বাজারে শুক্রবার গভীর রাতে আগুন লেগে কয়েকটি দোকান পুড়ে গেছে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দমকল বাহিনী সদর দপ্তরের কর্মকর্তা বাহাউদ্দিন ভূঁইয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত সোয়া একটার দিকে সি ব্লকের ১৫ নম্বর রোডের ঝুটপট্টি বাজারে আগুন লাগে।
মিরপুর ইউনিটের দুটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও একসময় তাদের পানি ফুরিয়ে যায়। আশেপাশে পানির কোন উৎস না থাকায় পরে সদর দপ্তর থেকে আরো ছয়টি গাড়ি পাঠানো হয়।
আগুন নেভানোর কাজে অংশ নেওয়া দমকল বাহিনী সদর দপ্তরের সহকারী পরিচালক নূরুল হক রাত সোয়া দুইটায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে মোবাইল ফোনে বলেন, "রাত দুইটায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ৪/৫টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত না করে ক্ষয়ক্ষতির পরিমাণও বলা যাচ্ছে না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএসবি/এসকে/০২৪৪ঘ.
bdnews24